মসজিদে লাউডস্পিকার বিতর্ক:
তীব্র সমালোচনায় শিবসেনা ও এনসিপি, এমএনএস নেতাকে জরিমানা
ভারতে রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) পক্ষ থেকে মসজিদে লাউডস্পিকার ব্যবহারে আপত্তি ওঠায় বিতর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন জায়গায় লাউডস্পিকার লাগিয়ে ‘হনুমান চালিসা’ পাঠ করছেন ‘এমএনএস’ কর্মীরা।
শান্তি ভঙ্গের আশঙ্কায় মুম্বাইয়ে কয়েকজন পুলিশ কয়েকজন এমএনএস কর্মীকে আটক করে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে। ওই ইস্যুতে ক্ষমতাসীন শিবসেনা ও জাতীয়তাবাদী কংগ্রেস দল (এনসিপি) রাজ ঠাকরেকে নিশানা করেছে।
এরআগে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকর হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি মসজিদ থেকে লাউডস্পিকার না সরানো হয়, তাহলে মসজিদের সামনে লাউডস্পিকার লাগিয়ে হনুমান চালিসা বাজানো হবে।
এমন পরিস্থিতিতে গতকাল (রোববার) মুম্বইয়ের ঘাটকোপারে পার্টি অফিসে উচ্চকণ্ঠে হনুমান চালিসা বাজান এক ‘এমএনএস’ নেতা। যার ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে মুম্বই পুলিশ। উচ্চস্বরে লাউডস্পিকার বাজানোর জন্য মুম্বাই পুলিশ ‘এমএনএস’ নেতা মহেন্দ্র ভানুশালীকে আটকসহ তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। মহেন্দ্র ভানুশালী বলেছেন, মুম্বাই পুলিশ আমাকে ৫ হাজার ৫০ টাকা জরিমানা করেছে এবং নোটিশ দিয়েছে যে আমি যদি আবার এটি করি তবে আমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহেন্দ্র ভানুশালী বলেন, মহারাষ্ট্রের মহা বিকাশ আগাড়ি (এমভিএ) সরকার যদি মসজিদ থেকে লাউডস্পিকারগুলো সরিয়ে না দেয়, তবে ‘এমএনএস’ মসজিদগুলোর সামনে বড় বড় লাউডস্পিকারে 'হনুমান চালিসা' বাজাবে। মহেন্দ্র ভানুশালী বলেন, ‘হনুমান চালিসা’ নিয়ে কারও সমস্যা হলে তার কান বন্ধ করে ঘরে থাকা উচিত। কেউ এর বিরোধিতা করলে তাকে জবাব দেওয়া হবে।
এ দিকে, এমএনএস প্রধান রাজ ঠাকরেকে টার্গেট করে শিবসেনা এমপি সঞ্জয় রাউত বলেছেন, ‘মহারাষ্ট্রে আইনের শাসন চলছে। আমরা তাকে জিজ্ঞেস করতে চাই যে বিজেপিশাসিত রাজ্যগুলোতে কী লাউডস্পিকারে 'আযান' বাজানো বন্ধ করা হয়েছে?'
আযান ইস্যুতে রাজ ঠাকরেকে টার্গেট করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন, ‘রাজ ঠাকরে ‘গিরগিটি’র মতো রঙ বদলাচ্ছেন, তিনি লোকসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রচার করেছিলেন এবং পরে তার অবস্থান পরিবর্তন করেছিলেন। তাকে এখন একজন মিমিক্রি শিল্পী হিসেবে দেখা যায়, কিন্তু তার জানা উচিত যে মানুষের সমস্যা শুধু তাদের হাসিয়ে সমাধান হয় না।’
এনসিপি মুখপাত্র মহেশ তাপসে বলেন, আসন্ন নির্বাচনে ভোট বিভাজনের জন্য ‘এমএনএস’ হল বিজেপির নতুন ‘বি টিম’। তিনি রাজ ঠাকরেকে একজন ভালো মিমিক্রি শিল্পী হিসেবে কটাক্ষ করেছেন। #
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।