ধর্ষকদের হয়ে সাফাই দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী : অধীর রঞ্জন
https://parstoday.ir/bn/news/india-i106582-ধর্ষকদের_হয়ে_সাফাই_দিচ্ছেন_বাংলার_মুখ্যমন্ত্রী_অধীর_রঞ্জন
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, ধর্ষকদের হয়ে সাফাই দিতে দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে, এটা লজ্জার!
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৩, ২০২২ ১৪:৩৮ Asia/Dhaka
  • অধীর রঞ্জন চৌধুরী
    অধীর রঞ্জন চৌধুরী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, ধর্ষকদের হয়ে সাফাই দিতে দেখা যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে, এটা লজ্জার!

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার হাঁসখালিতে সম্প্রতি এক নাবালিকা ধর্ষণ ও মৃত্যু প্রসঙ্গে তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। ওই ঘটনায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের লোকজন জড়িত বলে অভিযোগ ওঠায় রাজ্য রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।      

ওই ইস্যুতে কংগ্রেসের সিনিয়র নেতা অধীর বাবু আজ বলেন, ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর কথাটা ঠিক। বেশিরভাগ ধর্ষণের ক্ষেত্রে ধর্ষিতারা ধর্ষকদের পরিচিত হয়। এরমধ্যে নতুনত্ব কিছু নেই। হাঁসখালির  ঘটনাতেও তাই হয়েছে। তবে সেটাকে ব্যবহার করে ‌যেমনভাবে ‌সাফাই দেওয়ার চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, তা অত্যন্ত নিন্দনীয়।’ 

হাঁসখালির ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় এমপি আজ বলেন, ‘যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু যেভাবে এই ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে তা আরও নিন্দনীয়।’

তিনি বলেন,  ‘২০১৭ সালে ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর’র রিপোর্ট অনুযায়ী ৯০ শতংশ যৌন নির্যাতন ঘটছে পরিবারের মধ্যে, এই তথ্য সামাজিক অবক্ষয়ের এক চূড়ান্ত  নিদর্শন। এই বিষয়টি মাথায় রেখে সবার প্রতিবাদ করা উচিত, আগে বাড়ির পরিবেশ  ঠিক করতে হবে।’ 

তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায়ের মন্তব্য প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী আজ বলেন, সুখেন্দুবাবু মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণ করেই চলছেন। ধামাচাপা দেওয়ার একটা ব্যর্থ চেষ্টা উনি করলেন। এই চেষ্টা করে কোনও লাভ নেই। তৃণমূল পরিবারের সমস্যাটাই সবচেয়ে বেশি। সব ক্ষেত্রেই তৃণমূলের নেতারা যুক্ত কেন? মুখ্যমন্ত্রী আগে পারলে পরিবারটাকে ঠিক করুন।’ এভাবে হাঁসখালির ঘটনা প্রসঙ্গে প্রসঙ্গে শুখেন্দু শেখর রায়ের মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। # 

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।