প্রয়াগরাজে হত্যার ঘটনার দায় নিতে হবে যোগী-মোদি দুজনকেই: তৃণমূল
https://parstoday.ir/bn/news/india-i107084-প্রয়াগরাজে_হত্যার_ঘটনার_দায়_নিতে_হবে_যোগী_মোদি_দুজনকেই_তৃণমূল
ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনের হত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৪, ২০২২ ১৪:১৮ Asia/Dhaka
  • প্রয়াগরাজে হত্যার ঘটনার দায় নিতে হবে যোগী-মোদি দুজনকেই: তৃণমূল

ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের প্রয়াগরাজে একই পরিবারের পাঁচজনের হত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গণমাধ্যমে প্রকাশ, গতকাল (শনিবার) এক প্রৌঢ় দম্পতি, তাদের মেয়ে, পুত্রবধূ ও দু’বছরের নাতনিকে কুপিয়ে খুন করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সোচ্চার হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এ রাজ্যের একাধিক মন্ত্রী থেকে তৃণমূলের বহু নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়াগরাজের ঘটনা নিয়ে সরব হয়েছেন। 

ওই ইস্যুতে পশ্চিমবঙ্গের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপিকে টার্গেট করে বলেন, ‘আমাদের প্রশ্ন-এটা কী যোগী রাজ, না গুণ্ডা রাজ? কী রাজত্ব চলছে? এক সপ্তাহের মধ্যে আমরা দেখেছি আরেকটি নির্মম ঘটনা ঘটতে। গত ১৫ এপ্রিল আরেকটি খুনের ঘটনা ঘটেছে নবাবগঞ্জে। সেখানে ৪ জন খুন হয়েছেন। আমরা দেখছি যারা এখানে অবান্তর ভাবে আইনশৃঙ্খলা নিয়ে কথা বলেন, তারা এখন মূক হয়ে গেছেন, বোধহয় বধিরও হয়ে গেছেন। তারা সাইলেন্ট জোনে চলে গেছেন। আর মুখে কোনও কথা নেই!’  

আজ (রোববার) তৃণমূলের পক্ষ থেকে প্রয়াগরাজে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হয়। আজ সকাল ১০টা নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে প্রয়াগরাজের উদ্দেশে রওনা হয় তৃণমূলের প্রতিনিধি দল। তৃণমূল নেত্রী দোলা সেন এমপি বলেন, তারা আক্রান্ত পরিবারটির পরিজনদের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, তাদের কথা শুনতে যাচ্ছেন, তাদের পাশে দাঁড়াতে যাচ্ছেন। 

এ প্রসঙ্গে আজ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, 'প্রয়াগে তীর্থ করতে সারা দেশের লোকই যায়। ওরাও গেছেন। পুণ্যস্নান করে আসুন। বাংলায় যে ধরণের পাপ চলছে তা থেকে মুক্তি পাবেন। আর উত্তর প্রদেশে যে উন্নয়ন হয়েছে সেটা দেখে এসে শিখুন, যাতে পশ্চিমবঙ্গের কিছু লাভ হয়।'  

অন্যদিকে, তৃণমূল নেত্রী দোলা সেন অভিযোগ করেছেন, যোগী আদিত্যনাথ যতই ‘বুলডোজার’ শাসন ব্যবস্থার কথা মুখে বলুক, আসলে রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। হাথরস, উন্নাওয়ের মতো ঘটনা থেকে বারবার তার প্রমাণ মিলছে। প্রয়াগরাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীর কাছের। তাই এই ঘটনার দায় যোগী-মোদি দু’জনকেই নিতে হবে। 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।