দাঙ্গায় অভিযুক্তরা আরএসএস-বিজেপি’র সঙ্গে যুক্ত: অশোক গেহলট
https://parstoday.ir/bn/news/india-i108012-দাঙ্গায়_অভিযুক্তরা_আরএসএস_বিজেপি’র_সঙ্গে_যুক্ত_অশোক_গেহলট
ভারতের বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতা প্রসঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, সহিংসতার জন্য অভিযুক্ত সকলেই আরএসএস-বিজেপি’র, ইটালির নয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বিজেপি সহিংস ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৬, ২০২২ ১৩:৪১ Asia/Dhaka
  • দাঙ্গায় অভিযুক্তরা আরএসএস-বিজেপি’র সঙ্গে যুক্ত: অশোক গেহলট

ভারতের বিভিন্ন রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতা প্রসঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, সহিংসতার জন্য অভিযুক্ত সকলেই আরএসএস-বিজেপি’র, ইটালির নয়। রাজস্থানের মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বিজেপি সহিংস ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।

আজ (সোমবার) হিন্দি গণমাধ্যম ‘আজতক’সূত্রে প্রকাশ্, মুখ্যমন্ত্রী অশোক গেহলট  বলেন, দাঙ্গায় লাভবান কারা হয়? দাঙ্গায় যে দল লাভবান, তারাই বুঝবেন দাঙ্গা ঘটাচ্ছে। দাঙ্গার মাধ্যমে কংগ্রেসকে হেয় করার কাজ করা হচ্ছে। তিনি বলেন, বিজেপি মেরুকরণের মাধ্যমে হিন্দু ভোট নিচ্ছে কিন্তু মুদ্রাস্ফীতি, বেকারত্বের কারণে তা বেশিদিন টিকবে না।

সম্প্রতি কংগ্রেসশাসিত রাজস্থান রাজ্যের করৌলি, রামগড়, যোধপুর ইত্যাদি এলাকা থেকে সহিংস ঘটনার খবর প্রকাশ্যে আসে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলোট বলেন, করৌলিতে প্রধান অভিযুক্ত বিজেপির, রামগড়ে মন্দির ভেঙে দেওয়া হয়েছিল, যেখানে ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ৩৪ জনই বিজেপির এবং কংগ্রেসকে বদনাম করা হয়েছে। যোধপুরে কোনও ঘটনা ঘটেনি, ঘটনা তৈরি করা হয়েছিল। রাজস্থানে গত এপ্রিলে বিজেপিশাসিত একটি পৌর এলাকায় রাস্তা সম্প্রসারণের জন্য কর্তৃপক্ষ একটি প্রাচীন মন্দির ভেঙে দিলে বিতর্ক সৃষ্টি হয়। ওই ইস্যুতে কংগ্রেস ও বিজেপি পরস্পরকে দোষারোপ করেছে।     

মুখ্যমন্ত্রী অশোক গেহলোট বলেন, দেশের পরিস্থিতির অবনতি হচ্ছে, উত্তেজনার পরিবেশ রয়েছে, সহিংসতার পরিবেশ বিরাজ করছে। প্রতিটি ধর্মীয় মিছিলের সময় দাঙ্গা শুরু হচ্ছে এবং যেখানে যেখানে নির্বাচন হয় সেখানে শুরু হয় আরও উত্তেজনা।   

আজ সোমবার ‘আজতক’-এ দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী অশোক গেহলট সাম্প্রতিক দাঙ্গা সম্পর্কে বলেন, অভিযোগ-পাল্টা অভিযোগের রাজনীতি করে লাভ নেই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে সুষ্ঠু তদন্ত করার সাহস দেখাতে হবে। আজ দেশে এত উত্তেজনা, সহিংসতার পরিবেশ তৈরি হয়েছে। সাত রাজ্যে সহিংসতা হয়েছে। রাম নবমীর দিন দাঙ্গা শুরু হয় এবং তার আগেই করৌলিতে উত্তেজনা দেখা দেয়। তিনি বলেন, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ওই দাঙ্গার তদন্তের আবেদন করেছি। দেশের স্বার্থে একবার এ সব দাঙ্গার তদন্ত হওয়া উচিত। দাঙ্গায় উসকানিদাতাদের চেহারা দেশের সামনে আসা উচিত, তারা যে রাজনৈতিক দলেরই হোক না কেন। তিনি বলেন, সুষ্ঠু তদন্ত হলেই এটা সম্ভব। দাঙ্গার পেছনে কী ষড়যন্ত্র এবং কোন শক্তি আছে, সুবিধা পাচ্ছে কোন দল তা দেখতে হবে।

বিজেপির নাম না করে গেহলট বলেন, আমি বিশ্বাস করি, যে দল এতে লাভবান হচ্ছে, সেই দলের নেতা-কর্মীরা ষড়যন্ত্র করে দাঙ্গা উসকে দিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, কেন প্রধানমন্ত্রী মোদী দাঙ্গার নিন্দা করতে পারছেন না।?   

অন্যদিকে, আজ হিন্দি গণমাধ্যম ‘নবভারত টাইমস’ সূত্রে প্রকাশ, মুখ্যমন্ত্রী অশোক গেহলট বিজেপির নাম না করে বলেন, ‘রাজস্থানে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা দাঙ্গার কারণ হতে পারত। ওরা দাঙ্গার অনেক পরিকল্পনা করেছিল কিন্তু আমরা তা ব্যর্থ করে দিয়েছি। তারপরও আমরা ছাড়ব না, রাজস্থানে যে ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। তাদের এজেন্ডা ‘হিন্দুত্বের’, সে জন্যই তারা দাঙ্গা করছে। নির্বাচন মেরুকরণ হচ্ছে। উত্তর প্রদেশ সম্পর্কে বিশ্ব কী ভাববে, যে বিজেপি নির্বাচনের সময়  ৪০৩ টি বিধানসভা আসনের মধ্যে সংখ্যালঘুদের একটিও টিকিট দিচ্ছে না। এরফলে বিশ্বে কী বার্তা যাচ্ছে বলেও মন্তব্য করেন কংগ্রেসের সিনিয়র নেতা ও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। #

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/ ১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।