এবার কর্ণাটকে টিপু সুলতানের আমলের মসজিদে পুজো করতে দেওয়ার দাবি
ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশে জ্ঞানবাপী মসজিদ নিয়ে হিন্দুত্ববাদীদের বিতর্ক সৃষ্টির মধ্যে এবার বিজেপিশাসিত কর্ণাটকের একটি প্রাচীন মসজিদে পুজো করতে দেওয়ার দাবি ওঠায় আলোড়ন সৃষ্ট হয়েছে।
হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’ সূত্রে প্রকাশ, ‘নরেন্দ্র মোদি বিচার মঞ্চ’ নামে গোষ্ঠীর টার্গেট এবার কর্ণাটকের মান্ড্যায় নির্মিত জামে মসজিদ। তাদের দাবি, একটি হনুমান মন্দির ভেঙে এই মসজিদ তৈরি করেছিলেন টিপু সুলতান। তাদের দাবি, এটি এখন আবার হিন্দুদের হাতে ফিরিয়ে দিতে হবে।
নরেন্দ্র মোদি বিচার মঞ্চের সদস্যরা মান্ড্যার কালেক্টরের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে দাবি করেছে, মসজিদটি একটি হনুমান মন্দিরের উপর নির্মিত এবং এটিকে হিন্দুদের কাছে হস্তান্তর করা উচিত। জামে মসজিদ নামে পরিচিত ওই মসজিদটির বয়স কমপক্ষে ২৩৬ বছর বলে জানা যায়।
শ্রীরঙ্গপত্তনে নির্মিত এই মসজিদ এবার নয়া বিতর্কের কারণ হতে পারে। বিচার মঞ্চের সেক্রেটারি সিটি মঞ্জুনাথের দাবি- পারস্যের শাসককে লেখা চিঠিতে টিপু বলেছিলেন, হনুমান মন্দির ভেঙে তিনি এই মসজিদ তৈরি করেছিলেন। এর স্তম্ভে হিন্দু শ্লোক লেখা আছে। তাদের দাবি, ১৭৮২ সালে হনুমান মন্দির ভেঙে ফেলার পর টিপু সুলতান মসজিদটি তৈরি করেছিলেন। মসজিদটি যে এক সময় হিন্দু মন্দির ছিল তা প্রমাণ করার জোরালো প্রমাণ রয়েছে এবং মসজিদের ভেতরে তৎকালীন হোয়সালা সাম্রাজ্যের নিদর্শন রয়েছে বলেও তাদের দাবি। মঞ্জুনাথ বলেন, হিন্দুদের সেখানে পুজো করার অনুমতি দেওয়া হোক। অন্যদিকে, মসজিদ কর্তৃপক্ষ ডানপন্থী ওই নেতাদের হাত থেকে রক্ষার জন্য জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে।
আজ (মঙ্গলবার) হিন্দি গণমাধ্যমে ‘নবভারত টাইমস’সূত্রে প্রকাশ, এটি ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ (এএসআই) দ্বারা রক্ষণাবেক্ষণ করা একটি ঐতিহ্যবাহী স্থান। বর্তমানে এখানে একটি মাদ্রাসাও পরিচালিত হচ্ছে। কর্ণাটকের সাবেক মন্ত্রী কেএস ঈশ্বরাপ্পার দাবি, মুঘল শাসনামলে এখানে নির্মিত ৩৬০০০ মন্দির ভেঙে ফেলা হয়েছিল। কোনো ঝামেলা না করে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের মাধ্যমে আমরা সব মন্দির ফিরে পাব বলেও মন্তব্য করেন বিজেপি নেতা কেএস ঈশ্বরাপ্পা।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/ ১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।