নূপুর শর্মা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় আজমীর শরীফের খাদিম গ্রেফতার
ভারতের রাজস্থানে আজমীর শরীফ দরগাহের এক খাদিমকে পুলিশ গ্রেফতার করেছে। সালমান চিশতী নামে ওই খাদিম সম্প্রতি বিজেপি থেকে সাসপেন্ড হওয়া মুখপাত্র নুপুর শর্মার শিরচ্ছেদ করলে তাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছিলেন বলে অভিযোগ।
আজমীর শরীফ দরগাহের দেওয়ান জয়নুল আবেদিন আলী খান এ সম্পর্কিত ভিডিওর নিন্দা করেছেন এবং বলেছেন, বিখ্যাত দরগাহটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির স্থান হিসেবে দেখা হয়। ভিডিওতে খাদিম যে মত প্রকাশ করেছেন তা দরগাহের বার্তা হিসেবে নেওয়া যায় না। ওই মন্তব্য একটি ব্যক্তিগত বক্তব্য এবং অত্যন্ত নিন্দনীয়। মহানবী (সা.) সম্পর্কে নূপুর শর্মা বিতর্কিত মন্তব্য করেছিলেন, যার পরে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বিতর্কিত ওই মন্তব্য নিয়ে দেশের পাশাপাশি বিদেশেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
গত (সোমবার) রাতে একটি ভিডিও ক্লিপ নিয়ে এফআইআর নথিভুক্ত হওয়ার পর রাজস্থান পুলিশ সালমান চিশতী নামে ওই খাদিমকে খুঁজছিল। সত্যতা যাচাই না হওয়া একটি ভিডিওতে খাদিমকে বলতে শোনা যায়, যে কেউ নূপুর শর্মার মাথা তার কাছে নিয়ে আসবে, তাকে তার বাড়িটা দিয়ে দেবে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আজমীরের অতিরিক্ত পুলিশ সুপার বিকাশ সাংওয়ান বলেছেন, ‘আমরা তথ্য পেয়েছি যে দরগাহের খাদিম সালমান চিশতী একটি বিভ্রান্তিকর এবং আপত্তিকর ভিডিও স্থাপন করেছেন। এরপর এফআইআর নথিভুক্ত করে সালমান চিশতিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আজমীর শরীফ দরগাহের খাদিমদের সংগঠন সালমান চিশতীর বক্তব্যের বিষয়ে বলেছে, ‘আঞ্জুমান’ এটা সমর্থন করে না। সালমান চিশতির বক্তব্যের সঙ্গে আঞ্জুমানের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে, নূপুর শর্মাকে নিয়ে সালমান চিশতীর মন্তব্যের পরেই ক্ষুব্ধ হয়ে উঠেছে রাজপুত করনি সেনা। রাজপুত করনি সেনার সভাপতি মহিপাল সিং মাকরানা দাবি করেছেন, আঞ্জুমানের উচিত ওই খাদিমকে বয়কট করা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। অন্যথায় হিন্দুরা আজমীর শরীফ দরগাহে শ্রদ্ধা জানাতে যাবে না। #
পার্সটুডে/পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার /৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।