মমতার দিল্লি সফরের কটাক্ষে সিপিএম নেতা সুজন, পাল্টা মন্তব্য কুণালের
https://parstoday.ir/bn/news/india-i111482-মমতার_দিল্লি_সফরের_কটাক্ষে_সিপিএম_নেতা_সুজন_পাল্টা_মন্তব্য_কুণালের
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ দিনের সফরে দিল্লি গেছেন। আগামী রোববার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৪, ২০২২ ১৪:১৪ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ দিনের সফরে দিল্লি গেছেন। আগামী রোববার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাত ও বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে সম্ভাব্য বৈঠকে কেন্দ্র করে সমালোচনা ও কটাক্ষ করেছে বিরোধীরা।     

আজ (বৃহস্পতিবার) দুপুরে তিনি কোলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন। আজই দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখ্যমন্ত্রীর ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।       

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, ‘নীতি আয়োগ নিয়ে কোনও আগ্রহ নেই। অন্য উদ্দেশে গেছেন। গোপনে কথা বলতে গেছেন। অন্য ‘ডিল’ করবেন। ভাইপোর কী হবে, সেই ‘সেটিং’ করাই লক্ষ্য।’ 

সিপিএম নেতার ওই মন্তব্যের পাল্টা জবাবে আজ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘সিপিএম যখন কংগ্রেস আমলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করত তখন কী প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক হয়নি? তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বাবু কী দিল্লিতে যাননি? তখন তারা নিশ্চয়ই ‘সেটিং’করতে গিয়েছিলেন। নরেন্দ্র মোদি-অমিত শাহের ডেইলি প্যাসেঞ্জারিকে হারিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্য এখানে ‘ডিল’করার কোনও প্রশ্নই থাকতে পারে না।’ 

গত কয়েক মাসে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগে ‘দুর্নীতি’তে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্ত, এবং বিগত ১২ দিনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’র তদন্ত, রাজ্যের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি এবং কয়েক কোটি টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধারের একের পর এক ঘটনার মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন বিশ্লেষকরা। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।