কোলকাতায় দুর্গাপুজোর কার্নিভালকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতাকে কটাক্ষ করলেন শুভেন্দু
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় দুর্গাপুজোর কার্নিভালকে কেন্দ্র করে বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একে সরকারি টাকায় মোচ্ছব বলে কটাক্ষ করেছেন।
আজ (শনিবার) বিকেলে কোলকাতার রেড রোডে কার্নিভালের মঞ্চে উপস্থিত ছিলেন, রাজ্যপাল, মুখ্যমন্ত্রীসহ বিশিষ্টজনেরা৷ এছাড়া বিদেশের অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কার্নিভালে বিভিন্ন পুজো মণ্ডপের প্রতিমা, ট্যাবলো ও অন্যান্য কারুকার্য প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
গত (বুধবার) উত্তরবঙ্গের জলপাইগুড়ির মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে আচমকা হড়পা বানে বিপর্যয় সৃষ্টি হওয়ায় ৮ জনের মৃত্যু হয়। সেই ঘটনাকে উল্লেখ করে বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বলেন, ‘এটা যদি বাবু ঘাটে বা কোলকাতার কোনো ঘাটে হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল করতেন না। উত্তরবঙ্গে বিপর্যয় হয়েছে বলে উনি নাচনকোঁদন করবেন। সরকারি টাকায় মোচ্ছব। ওই দুর্ঘটনার পরে উনার কী দরকার এসব করার? উত্তরবঙ্গ বলেই উনি এটা করেছেন। এজন্যই তো উত্তরবঙ্গের লোক ‘আলাদা রাজ্য’ চায়, আলাদা থাকতে চায়, কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল চায়। তারা কেউ সরকার টাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নাচনকোঁদন দেখতে যাবেন না।’
অন্যদিকে, আজ শনিবার সকালে সাবেক এমপি ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী কবীর সুমন মুখ্যমন্ত্রীর উদ্দেশে রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল বাতিল করে দেওয়ার আবেদন জানিয়ে ফেসবুক পোস্ট করেন। এতে তিনি লেখেন, ‘আমি তোমার বিরোধী নই। সনির্বন্ধ অনুরোধ: মাননীয়া, মালবাজারের অকালমৃত ও তাদের শোকবিহ্বল পরিবারবর্গের কথা ভেবে তুমি আজকের কার্নিভাল বন্ধ রাখো।’
কবীর সুমন নিজেকে মুখ্যমন্ত্রীর সহনাগরিক পরিচয় দিয়ে ফেসবুক পোস্টে আরও লেখেন, ‘অনুগ্রহ করে কোলকাতার কার্নিভাল এ বছরের মতো বন্ধ করে দাও। সামনের বছর না হয় আবার হবে।’
কার্নিভালের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বামমনস্ক চলচিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। কিন্তু বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধে সাড়া না দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের উদ্যোগে কোলকাতার রেড রোডে ধূমধাম করে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপুজোর বিশেষ কার্নিভাল। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।