ভারতের কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানছে : তৃণমূল
ভারতের কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানছে বলে অভিযোগ করেছে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি আজ (শুক্রবার) ওই মন্তব্য করেন। তৃণমূলের বক্তব্য- আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, কিন্তু কেন্দ্রীয় সরকার ওই বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে।
হরিয়ানার সুরজকুণ্ডে ২৭ ও ২৮ অক্টোবর দু’দিন ধরে বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে ওই কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, ২০২৪ সালের মধ্যে সমস্ত রাজ্যে জাতীয় তদন্ত সংস্থা-‘এনআইএ’র শাখা কার্যালয় খোলা হবে। তিনি বলেন, সরকার এই সংস্থাটিকে একটি ফেডারেল অপরাধ তদন্তকারী সংস্থা করতে চায়৷ এই সংস্থা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সংস্থাটি তার প্রায় সব লক্ষ্যমাত্রা পূরণ করেছে।
অন্যদিকে, আজ (শুক্রবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘আইনশৃঙ্খলার বিষয়টি এখন একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ, অপরাধ আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক হয়ে উঠছে।’সীমান্তপার থেকে আসা সন্ত্রাস এবং অপরাধচক্রের প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী রাজ্য এবং কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ের প্রয়োজনীয়তার উপরেও জোর দেন।
ওই ইস্যুতে আজ তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এমপি কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেন, ‘এটা ভারতীয় জনতা পার্টির স্বভাবসিদ্ধ, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে আরও একবার কুঠারাঘাত। আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। কিন্তু রাজ্যের সঙ্গে আলোচনা না করে এর আগেও আমরা দেখেছি বিএসএফের এখতিয়ার বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে এবার আমরা দেখলাম তারা ‘এনআইএ’ নিয়ে কথা বলছে। আসলে সমস্যাটা অন্য জায়গায়। বিগত কয়েক বছরে ২০ টা রাজনৈতিক দল বিজেপি থেকে সরে যাওয়ায় এখন কেন্দ্রীয় এজেন্সি ‘সিবিআই’, ‘ইডি’, ‘এনআইএ’, ‘ইনকাম ট্যাক্স’-এর মতো কেন্দ্রীয় এজেন্সি ছাড়া তাদের কাছে কোনো রাজনৈতিক অস্ত্র নেই। তাই তারা এর মধ্য দিয়ে রাজ্যগুলোর উপর নিজের কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করছে। এটা অত্যন্ত ঘৃণ্য একটা পদক্ষেপ। তার কারণ, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপরে কুঠারাঘাত।’
অন্যদিকে, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওই ইস্যুতে দলনেত্রীই যা বলার বলবেন। তবে এভাবেই বারবার কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো না মেনে পিছনের দরজা দিয়ে রাজ্যের অধিকার খর্ব করার চেষ্টা করছে’ বলে মন্তব্য করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।