কয়লামন্ত্রীর সঙ্গে কয়লা পাচারে অভিযুক্তর ছবি নিয়ে বিজেপির তীব্র সমালোচনা তৃণমূলের
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপিকে নিশানা করে বলেছেন, কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে কয়লা এবং বিভিন্ন ঘটনায় অভিযুক্ত জয়দেব খান কী করছিলেন?
তিনি আজ (শুক্রবার) বলেন, ‘গতকাল দুর্গাপুরে একটি হোটেলে কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রীর সঙ্গে যার বিরুদ্ধে কয়লা পাচার ও কয়লা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ রয়েছে একের পর এক নথিভুক্ত মামলা রয়েছে, যার বাড়ি তল্লাশি হয়েছে, যিনি বন্দি ছিলেন, সেরকম একজন মানুষ কয়লার সঙ্গে জড়িত তিনি কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে কী করছেন? তাহলে কী আলোচনা চলছিল এরপর কয়লাটা কোন দিক দিয়ে কার হাতে কীভাবে দেওয়া হবে? তার নীতি ঠিক করতে গেছিলেন তারা? অন্যের দিকে তাকিয়ে কয়লা নিয়ে বলার আগে এই জবাব দিক ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।’
সম্প্রতি দুর্গাপুর-আসানসোল এলাকায় কয়লাখনি পরদর্শনে এসেছিলেন কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশী। সে সময়ে কেন্দ্রীয় মন্ত্রীকে এলাকার কয়লা ব্যবসায়ী জয়দেব খাঁর সঙ্গে ছবিতে গেছে। জয়দেব খানের বিরুদ্ধেই কয়লা পাচারের মতো মারাত্মক অভিযোগ রয়েছে। খনি এলাকায় কয়লা মাফিয়া বলে পরিচিত তিনি। এরকম এক ব্যক্তির সঙ্গে খোদ কেন্দ্রীয় কয়লামন্ত্রীর ছবিকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রীর পাশে জয়দেবের সেই ছবি পোস্ট করে বিজেপির সমালোচনায় সোচ্চার হয়েছেন সর্বভারতীয় তণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডিকেও নিশানা করেছেন। তিনি আজ এক বার্তায় বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী কয়লা মাফিয়া জয়দেব খানের সঙ্গে কী করছেন! কীভাবে পকেট ভরানো যায় সেব্যাপারে আলোচনা করছেন তিনি? নাকি জাতীয় সম্পদ চুরি করার জন্য তাকে অভিনন্দন জানাচ্ছেন? সিবিআই-ইডি কিন্তু মাফিয়া-মন্ত্রীর এই চক্রকে উপেক্ষা করে চলেছে।’ একই ইস্যুতে আজ পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপিকে নিশানা করেছেন।
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।