ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমিয়ে দেবে: মিয়ারশাইমার
-
অধ্যাপক জন মিয়ারশাইমার
পার্সটুডে: আন্তর্জাতিক সম্পর্কের প্রখ্যাত তত্ত্ববিদ ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মিয়ারশাইমার বলেছেন, মার্কিন সামরিক ঘাঁটি ও কেন্দ্রগুলোতে হামলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উচ্চ কার্যকারিতাই পশ্চিম এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হবে।
ইরনা বার্তা সংস্থার বরাত দিয়ে পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ারশাইমার বলেন, "বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ চালানোর ক্ষেত্রে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। এগুলো প্রায় সব ঘাঁটিতেই মারাত্মক ক্ষতিসাধন করেছে বা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।"
তিনি আরও বলেন, "কিছু প্রমাণ থেকে দেখা যায়—এই ক্ষেপণাস্ত্র হামলার জবাবে মার্কিন বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলের ঘাঁটিগুলো থেকে সরে গিয়ে প্রথমে জর্ডানে, সেখান থেকে ইসরায়েলে (অধিকৃত ভূখণ্ডে) এবং শেষ পর্যন্ত ইউরোপে গিয়ে আশ্রয় নিয়েছে।"
শিকাগো বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জোর দিয়ে বলেন, চলমান সংঘাত শেষ হওয়ার পরও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্রমাগত হুমকি এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর মার্কিন বাহিনীর আয়োজক হতে অনীহার কারণে যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে ফিরে আসার সম্ভাবনা কম।
মিয়ারশাইমার আরও উল্লেখ করেন, ইরানের এ ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষার কার্যকর কোনো সমাধান যুক্তরাষ্ট্র বা অঞ্চলের অন্য কোনো দেশের কাছে নেই।#
পার্সটুডে/এমএআর/১১