'ইস্তাম্বুল, বাকু বা নাজাফগামী ফ্লাইট স্থগিত করার কোনো সরকারি নির্দেশ পায়নি ইরানি বিমান কর্তৃপক্ষ'
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের আন্তর্জাতিক ফ্লাইট চলছে
-
ইরানের একটি যাত্রীবাহী বিমান (ফাইল ছবি)
পার্সটুডে: ইরান বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাজনিত চাপ সত্ত্বেও দেশটির আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার (CAO) মুখপাত্র মাজিদ আখাভান এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, ইরানি এয়ারলাইনগুলো তাদের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেনি এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করছে।
আখাভান বলেন, “এখন পর্যন্ত ইরানি এয়ারলাইনগুলোর কোনো আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়নি এবং সেগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে। ফ্লাইটের সময়সূচিতে কোনো পরিবর্তন হলে যাত্রীদের আগেই তা জানিয়ে দেয়া হবে।”
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিমান চলাচল সেবা অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষ শলা-পরামর্শ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারও জানিয়েছে, তুরস্ক, আজারবাইজান বা ইরাকের বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে ইস্তাম্বুল, বাকু বা নাজাফগামী ফ্লাইট স্থগিত করার কোনো সরকারি নির্দেশ তারা পায়নি। নতুন কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত এসব রুটে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।
ওয়াশিংটন ইরানের বিমান চলাচল খাতে চাপ আরও বাড়ানোর প্রস্তুতি নেয়ার সময় এসব আশ্বাস দেয়া হলো।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ২৩ সেপ্টেম্বর থেকে ইরানি এয়ারলাইনগুলো কার্যত আন্তর্জাতিক কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তিনি সতর্ক করে বলেছেন, যেসব বিদেশি বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী এবং অন্যান্য কোম্পানি এসব এয়ারলাইনকে সেবা দেবে, তারা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় ৮ সেপ্টেম্বর জানায়, তারা ইরানের বিমান চলাচল খাতের সঙ্গে সংশ্লিষ্ট ৩৬টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। তথাকথিত “অর্থনৈতিক একঘরেকরণ অভিযান”-এর আওতায় নেয়া এই পদক্ষেপে ইরানের অবশিষ্ট সব বাণিজ্যিক বিমান সংস্থা এবং তাদের কার্যক্রমে সহায়তার অভিযোগে বিদেশি কোম্পানিগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ /২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।