'সময় এতটাই নির্মম যে এটি ভ্রান্তি ও ভণ্ডামিকে চিরকাল চলতে দেয়ার মতো দীর্ঘ নয়'
ট্রাম্পের যুদ্ধংদেহী বক্তব্যকে সমর্থন করায় কানাডার প্রধানমন্ত্রীর নিন্দায় ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কানাডার প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন ও যুদ্ধংদেহী কর্মকাণ্ডের নিন্দা করার পরিবর্তে তা সমর্থন করার চেষ্টা করেছেন এবং একটি দেশকে ধ্বংস করার হুমকিকে “যুদ্ধের সময়ের ভাষা” হিসেবে উপস্থাপন করেছেন।
ইরানের রেডিও ও টেলিভিশনের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের সামরিক আগ্রাসন ও যুদ্ধংদেহী বক্তব্যকে সমর্থন করার জন্য কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ব্যক্তিগত পেজে লিখেছেন: “মার্ক কার্নির জানা উচিত, সময় এতটাই নির্মম যে এটি ভ্রান্তি ও ভণ্ডামিকে চিরকাল চলতে দেয়ার মতো দীর্ঘ নয়।”
বাকায়ি আরও বলেছেন: “একদিন তাদের দেখিয়ে দেবে—যারা মার্কিন মোড়লিপনার ছায়ায় দাঁড়িয়েছিল এবং মনে করেছিল, ক্ষমতাবানদের শক্তির ভাষা পুনরাবৃত্তি করে তারা নিজেরাই শক্তির আঘাত থেকে নিরাপদ থাকতে পারবে—কিন্তু সত্যের প্রতি চোখ বন্ধ করা এবং আত্মমর্যাদা ও সম্মান বিক্রি করে দেয়া মানুষকে রক্ষা করে না; বরং তাকে আরও নিরস্ত্র অবস্থায় অত্যাচারীর হাতে তুলে দেয়।”
তিনি বলেন: “হয়তো সেদিন তারা আজকের ইরানের দিকে তাকিয়ে বুঝবে যে, যে দেশকে একসময় শক্তিধরদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আঘাত করার চেষ্টা করা হয়েছিল, সেই দেশই শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে একটি মশাল জ্বালিয়ে রেখেছিল। সেই মশাল যদি নিভে যায়, তাহলে মানুষের মধ্যে নগ্ন শক্তি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না এবং মতবিরোধ নিরসনের জন্য মানবজাতির সভ্য ও মানবিক পথ নির্মম শক্তির যুক্তির নিচে চাপা পড়বে।” #
পার্সটুডে/এমএএইচ /২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।