‘আরজেডি’ নেতা আব্দুল বারি সিদ্দিকির মন্তব্যে চাঞ্চল্য, দেশদ্রোহের মামলার দাবি জানাল বিজেপি
ভারতের বিহার রাজ্যের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সিনিয়র নেতা আবদুল বারি সিদ্দিকি বিদেশে অধ্যায়নরত তার ছেলে-মেয়েকে সেখানকার নাগরিকত্ব নিতে বলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তার অভিযোগ- দেশের বর্তমান পরিবেশ ভালো নেই। বিহারের সাবেক মন্ত্রী আবদুল বারি সিদ্দিকীর ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রকাশ, তিনি বলেছেন, আমার একটি ছেলে আছে যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এবং একটি মেয়ে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পাসআউট হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের ছেলে-মেয়েকে বলেছি সেখানে চাকরি করতে। যদি নাগরিকত্বও পাওয়া যায় তা নিতে। এখন ভারতে সেই পরিবেশ নেই।
আরজেডি নেতার এ ধরণের প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ভারতের পরিবেশ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার অভিযোগে হিন্দুত্ববাদী ‘বিজেপি’, ‘আরজেডি’ নেতা আবদুল বারি সিদ্দিকির তীব্র নিন্দা করেছে। আজ (বৃহস্পতিবার) বিজেপি বিধায়ক কুমার শৈলেন্দ্র তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এটা ঘোর নিন্দনীয়। আমি তীব্র ভাবে এর ভর্ৎসনা করছি। সাবেক মন্ত্রী আব্দুল বারি সিদ্দিকি দেশবিরোধী মন্তব্য করেছেন। আমি এর তীব্র নিন্দা করছি।’
বিহার বিধানসভার বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক বিজয় কুমার সিনহা আরজেডি নেতা আবদুল বারি সিদ্দিকির মন্তব্যের বিষয়ে বলেছেন, তার বক্তব্য বিহারের প্রেক্ষাপটে বেশ মানানসই। কারণ, মহাজোট সরকার গঠনের পর বিহারের পরিস্থিতি খারাপ হয়েছে। এ কারণেই আবদুল বারি সিদ্দিকি তার সন্তানদের বিহারে নয়, বিদেশে থাকতে বলছেন। বিজয় কুমার সিনহা বলেন, দেশের পরিবেশ একদম সঠিক আছে, দেশের সীমান্তও সুরক্ষিত। বিজেপির মুখপাত্র সন্তোষ পাঠকও আরজেডি নেতা আবদুল বারি সিদ্দিকীর মন্তব্যের তীব্র নিন্দা করেছেন।
একইসঙ্গে আবদুল বারি সিদ্দিকীর বক্তব্যকে সমর্থন করেছেন জেডিইউ নেতা ও বিহার সরকারের মন্ত্রী বিজেন্দর যাদব। তিনি বলেছেন, দেশের পরিবেশ কীভাবে নষ্ট হচ্ছে, সবাই এটা দেখছে। তিনি সঠিক বক্তব্য দিয়েছেন।
আবদুল বারি সিদ্দিকী একজন সিনিয়র আরজেডি নেতা। তাকে ‘আরজেডি’ প্রধান লালু প্রসাদ যাদবের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ বলে মনে করা হয়। আবদুল বারি সিদ্দিকি ২০০৭ সালে বিহার ‘আরজেডি’র রাজ্য সভাপতি এবং ২০১০ সালে বিরোধী দলের নেতা ছিলেন। এ ছাড়া তিনি বিহার সরকারের মন্ত্রীও ছিলেন।#
পার্সটুডে/এমএএইচ//২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।