‘মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং ঘৃণার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে’: খাড়গে
https://parstoday.ir/bn/news/india-i117728-মুদ্রাস্ফীতি_বেকারত্ব_এবং_ঘৃণার_বিরুদ্ধে_সবাইকে_একসঙ্গে_নিয়ে_চলতে_হবে’_খাড়গে
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, ‘বর্তমানে ভারতের মূল চেতনাকে ক্রমাগত আঘাত করা হচ্ছে। দেশজুড়ে বিদ্বেষের খাদ খনন করা হচ্ছে। মানুষ মূল্যস্ফীতি, বেকারত্বে ভুগছে, অথচ সরকার সেদিকে চিন্তিত নয়।’    
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২২ ১২:৪৪ Asia/Dhaka
  • মল্লিকার্জুন খাড়গে
    মল্লিকার্জুন খাড়গে

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, ‘বর্তমানে ভারতের মূল চেতনাকে ক্রমাগত আঘাত করা হচ্ছে। দেশজুড়ে বিদ্বেষের খাদ খনন করা হচ্ছে। মানুষ মূল্যস্ফীতি, বেকারত্বে ভুগছে, অথচ সরকার সেদিকে চিন্তিত নয়।’    

আজ (বুধবার) কংগ্রেসের ১৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তব্য রাখার সময়ে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ওই মন্তব্য করেন। তিনি বলেন, মূল্যস্ফীতি, বেকারত্ব ও বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে।  

সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদর দফতরে আয়োজিত ওই অনুষ্ঠানে এ সময়ে কংগ্রেস সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী, দলের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং অন্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।  

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে আজ বলেন, ‘ভারতের স্বাধীনতার আশেপাশে  আরও অনেক দেশও স্বাধীন হয়েছিল। কিন্তু একনায়কতন্ত্র অনেক দেশেই ক্ষমতার লাগাম নিয়েছিল। ভারত শুধুমাত্র একটি সফল ও শক্তিশালী গণতন্ত্রই হয়ে ওঠেনি, কয়েক দশকের মধ্যেই আমরা অর্থনৈতিক, পারমাণবিক, ক্ষেপণাস্ত্র ও কৌশলগত খাতে পরাশক্তিতে পরিণত হয়েছি। কৃষি, শিক্ষা, চিকিৎসা, তথ্যপ্রযুক্তি এবং পরিসেবা খাতে ভারত বিশ্বের অন্যতম শীর্ষ দেশ হয়ে উঠেছে।’ 

তিনি বলেন, এটা এমনিতেই হয়নি। এটা ঘটেছে গণতন্ত্রে কংগ্রেসের বিশ্বাসের কারণে, এটা হয়েছে আমাদের সবাইকে সঙ্গে নিয়ে চলার আদর্শের কারণে, আমাদের জ্ঞান-বিজ্ঞানের প্রতি বিশ্বাসের কারণে। সংবিধানের প্রতি পূর্ণ আস্থা থাকার কারণেই এটি হয়েছে, যা সবার জন্য সমান অধিকার ও সমান সুযোগের নিশ্চয়তা দেয়’ বলেও মন্তব্য করেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৮    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।