কোলকাতায়
আইএসএফের প্রতিবাদ বিক্ষোভ: তীব্র গোলযোগ, লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ
ভারতের পশ্চিমবঙ্গের ধর্মতলায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বা ‘আইএসএফ’-এর প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ করে তুমুল গোলযোগের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে পুলিশ আটক করেছে।
আজ (শনিবার) বিকেলে ধর্মতলায় আইএসএফ সমর্থকদের বিক্ষোভ সমাবেশ নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এরফলে মধ্য কোলকাতার যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। ভাঙড়ে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে আজ বিক্ষোভ দেখাচ্ছিলেন আইএসএফের কর্মী-সমর্থকরা।
দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ কোলকাতায় সভা ছিল আইএসএফের। এ সময়ে দলীয় কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখানোর পর তাদের উপর ব্যাপক লাঠিচার্জ করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কার্যত টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। অন্যদিকে, পাল্টা পুলিশকে ইট, পাথর, চটি নিক্ষেপ করে আক্রমণ করার অভিযোগ উঠেছে আইএসএফ দলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। মারমুখী জনতাকে থামাতে পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পাল্টা বাঁশ, লাঠি নিয়ে পুলিশকে ধাওয়া করেন আইএসএফ কর্মী-সমর্থকরা। উভয়পক্ষের একাধিক জন আহত হয়েছেন।
আজ কোলকাতায় দলীয় সভা ছিল আইএসএফের। তাদের অভিযোগ, সেখানে যাওয়ার পথে আজ সকালে আইএসএফ কর্মীদের মারধর করেন তৃণমূল কর্মীরা। তৃণমূল নেতাদের উপস্থিতিতেই এ সব ঘটেছে বলে অভিযোগ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির। তৃণমূল অবশ্য ওই অভিযোগ মানেনি।
বিধায়ক নওশাদ সিদ্দিকি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বলেন, ‘পুলিশ সক্রিয় হলে এ রকম ঘটত না। আইএসএফ কর্মীদের উপর হামলা চালানো হয়েছে।’ গোটা ঘটনায় আইএসএফের কোনও ভূমিকা ছিল না। বরং তৃণমূল তাদের উপর হামলা চালিয়েছে বলেও মন্তব্য করেন বিধায়ক নওশাদ সিদ্দিকি।#
পার্সটুডে/এমএএইচ/ এমবিএ/ ২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।