‘চোর ধরো, জেল ভরো’ শ্লোগান দিয়ে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা
https://parstoday.ir/bn/news/india-i119416-চোর_ধরো_জেল_ভরো’_শ্লোগান_দিয়ে_ওয়াকআউট_করলেন_বিজেপি_বিধায়করা
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের ভাষণের বিরোধিতায় তুমুল হট্টগোল করেছেন বিজেপি বিধায়করা। আজ (বুধবার)রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্যের মধ্য দিয়ে বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২৩ ১৪:৫৪ Asia/Dhaka
  •  ‘চোর ধরো, জেল ভরো’ শ্লোগান দিয়ে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের ভাষণের বিরোধিতায় তুমুল হট্টগোল করেছেন বিজেপি বিধায়করা। আজ (বুধবার)রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্যের মধ্য দিয়ে বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়।

আজ রাজ্যপালের বক্তব্যে দুর্নীতিকে আড়াল করার অভিযোগ তুলে বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীরে নেতৃত্বে অধিবেশন কক্ষেই বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি বিধায়করা। পরে ‘চোর ধরো, জেল ভরো’, ‘চাকরি চুরির সরকার, আর নেই দরকার’, বালি চুরির সরকার, আর নেই দরকার’, ‘মুখ্যমন্ত্রী হায় হায়’ ইত্যাদি শ্লোগান তুলে বিধানসভা থেকে তারা ওয়াক আউট করেন।     

এ প্রসঙ্গে আজ রাজ্যের নগরোন্নয়ন ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘সংবিধানের সব রীতি ভেঙে দিয়ে আজকে নোংরামি হল। বাংলার ইতিহাসে রাজ্যপালকে হায় হায়, গো ব্যাক শ্লোগান, এটা এর আগে কোনোদিন সংসদীয় রাজনীতিতে হয়নি। অর্থাৎ, যারা সংবিধান জানে না তারা আজকে মেম্বার হয়ে এখানে এসেছে। এদের এখানে থাকার অধিকার আছে কী না এটা নিয়ে নিশ্চিতভাবে আমার প্রশ্ন আছে।’

আজ বিধানসভায় রাজ্যপাল বক্তব্য দেওয়া শুরু করলে তারা ‘চাকরি চোর সরকার, আর নেই দরকার’ শ্লোগান দিয়ে সোচ্চার হন। রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের শান্তির আবহ বজায় রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ অক্ষুণ্ণ রয়েছে বলে বক্তব্য দিলে বিজেপি বিধায়করা আরও জোরে শ্লোগান দেন। তাদের অভিযোগ, রাজ্যপাল রাজ্যের ‘পর্বতসমান দুর্নীতি’কে আড়াল করে সরকারের গুণগান করছেন। ‘রাজ্যপালের মিথ্যা ভাষণ মানছি না, মানব না’ শ্লোগান দিয়ে তারা বিধানসভার কক্ষত্যাগ করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ সময়ে ‘লজ্জা, লজ্জা’ স্লোগান দিলে তার সঙ্গে বিজেপির অন্য বিধায়করা গলা মেলান।    

এ প্রসঙ্গে আজ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, ‘রাজ্যপাল তো বিধানসভায় বিজেপিকে পাত্তাও দিলেন না। ওরা চেঁচালো, কাগজ ছিঁড়ল, শ্লোগান দিল, নিজেরাই বেরিয়ে গেল, বাইরে নাটক করল, রাজ্যপাল বেরিয়ে যাওয়ার সময়ও তার বিরুদ্ধে হাঁকডাক করল। কিন্তু তাতে কী এসে গেল? সবই ঠিকঠাক হল। অতৃপ্ত আত্মা শুভেন্দুর দলের বেলুন ফুস।’

কুণাল ঘোষ বলেন, ‘অপদার্থ আলুভাতে বিরোধী দলনেতার বিরোধী দল এই জোকারি ছাড়া কী করবে? রোজ একঘেয়ে কুৎসা আর ‘মুখেন মারিতং জগত’। ডাহা ফেল। কেন্দ্রের পাঠানো রাজ্যপালের ভাষণের সময় অসভ্যতা করল কেন্দ্রের শাসকদলের মানসিক অবসাদগ্রস্ত বঙ্গ শাখা। নিজেদের কেন্দ্রের পাঠানো রাজ্যপালকেও ছাড়ছে না। হাস্যকর। এতে বিজেপির দেউলিয়া, হতাশার রাজনীতি প্রমাণিত’ বলেও মন্তব্য করেছেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ।#     

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।