মমতার পদত্যাগ দাবিতে সোচ্চার শুভেন্দু, পাল্টা কুণাল 
https://parstoday.ir/bn/news/india-i123296-মমতার_পদত্যাগ_দাবিতে_সোচ্চার_শুভেন্দু_পাল্টা_কুণাল
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণকে কেন্দ্র করে তিনি এ দাবি করেন। একইসঙ্গে তিনি এ বিষয়ে এনআইএ’র তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
মে ১৭, ২০২৩ ১৭:১৯ Asia/Dhaka
  • মমতার পদত্যাগ দাবিতে সোচ্চার শুভেন্দু, পাল্টা কুণাল 

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণকে কেন্দ্র করে তিনি এ দাবি করেন। একইসঙ্গে তিনি এ বিষয়ে এনআইএ’র তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন।

এ প্রসঙ্গে আজ (বুধবার) রাজ্যে শাসক দল তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘কথায় কথায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে প্রমাণ হয় ওরা জনবিচ্ছিন্ন, মানুষের সঙ্গে নেই। ফলে কেন্দ্রীয় সরকারের এজেন্সি, আদালতের দ্বারস্থ হওয়া, কুৎসা রটানো এবং তার ওপর দাঁড়িয়ে মিডিয়া, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীরা বেঁচে আছে।’  

কুণাল ঘোষ বলেন, ‘স্বচ্ছভাবে গণতান্ত্রিক একটা প্রশাসন কাজ করছে, যে কারণে মুখ্যমন্ত্রী ইতোমধ্যেই নিজেই কড়া ব্যবস্থা নিয়েছেন। পুলিশকে শোকজ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, প্রয়োজনে এনআইএ তদন্ত হোক। গণতন্ত্র আছে বলেই শুভেন্দু অধিকারী ওই জায়গায় পৌঁছে বড় বড় কথা বলতে পারছেন। বিজেপিশাসিত রাজ্যগুলোতে কোনও অঘটন, দুর্ঘটনা, হত্যা যাই ঘটে থাকুক কোনও বিরোধী দলের প্রতিনিধিদেরকে, নেতাদের তো যেতেই দেওয়া হয় না!’     

তিনি আরও বলেন,  ‘সরকার রাজধর্ম পালন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজধর্ম পালন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা নিজে বলে দিয়েছেন দরকার হলে ‘এনআইএ’  তদন্ত হোক, এতে কিছু এসে যায় যায় না।’   

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘রামপুরহাটের বগটুই থেকে আজ পর্যন্ত  যা ঘটেছে তার মূলে এই রাজ্যের পুলিশ মন্ত্রী (মমতা)। সেজন্য তার এক মিনিটও চেয়ারে থাকা উচিত নয়। এই মৃত্যুর জন্য পুলিশ মন্ত্রী দায়ী। তার প্রশাসন দায়ী। তার বিরুদ্ধে আমাদের লড়াই হবে। আমরা এগরাতে ২/৩ দিনের মধ্যে মহা মিছিলের ডাক দিয়েছি। যেখানে ২৫ হাজার লোক রাস্তায় হাঁটব। এক নাম্বার দাবি হল পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। দু’নাম্বার দাবি হল ‘এনআইএ’ তদন্ত চাই।’ মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘আপনার পার্টিকে বোমা সাপ্লাই করার জন্য এই কারখানা তৈরি হয়েছিল।’ 

প্রসঙ্গত,  গতকাল (মঙ্গলবার)পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রথমে ৫ জন নিহত ও ৭ জন গুরুতর আহত হন। পরে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছেছে। ওই ঘটনাকে কেন্দ্রে রাজ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৭