এক-দুই-তিন, বিজেপিকে বিদায় দিন:মমতা
https://parstoday.ir/bn/news/india-i124842-এক_দুই_তিন_বিজেপিকে_বিদায়_দিন_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আজ এক সমাবেশে বিজেপিকে নিশানা করে বলেছেন, এক-দুই-তিন, বিজেপিকে বিদায় দিন।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জুন ২৬, ২০২৩ ১৭:৪৩ Asia/Dhaka
  • এক-দুই-তিন, বিজেপিকে বিদায় দিন:মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে আজ এক সমাবেশে বিজেপিকে নিশানা করে বলেছেন, এক-দুই-তিন, বিজেপিকে বিদায় দিন।

তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার চান্দামারি প্রাণনাথ হাই স্কুলে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। মমতা আজ কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করার পাশাপাশি সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে সীমান্তে কথায় কথায় গুলো চালানোর অভিযোগে সোচ্চার হন। মমতা বলেন, ‘জোড়া ফুল দেখিয়া, ভোট দাও ঠাসিয়া। এক-দুই-তিন, বিজেপিকে বিদায় দিন। এক-দুই-তিন, যারা গুলি চালাচ্ছে তাদের বিদায় দিন। এক-দুই-তিন, বিজেপির দুই জোট রাম আর শ্যাম তাদের বিদায় দিন।’  

 মমতা আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কুচবিহারের বিজেপি এমপি নিশীথ প্রামাণিকের নাম না করে তার তুমুল সমালোচনা করেন। তিনি বলেন, ‘আপনাদের ছেলে মেয়েদের গুলি কইরা মারে, আর সবচেয়ে বড় দস্যু, ডাকাত! বিজেপি মন্ত্রী খুন কইরা ঘুইরা বেড়ায়, তার বিরুদ্ধে কোনও ডাকাতির মামলা হয় না! তার বিরুদ্ধে কোনও মামলা হয় না। গুণ্ডা! একটা হোম মিনিস্টার কখনও গুণ্ডা হতে পারে? পঞ্চায়েতে লোকে বিএসএফের গুলি খাচ্ছে, আর উনি আফ্রিকা ঘুরে বেড়াচ্ছেন! আফ্রিকা থেকে ঘুরে এসেই একশো জনের কনভয় নিয়ে ঢুকে যাবেন, নির্বাচনী নিয়মে এটা কিন্তু অনুমোদিত নয়।’

সীমান্তে বিএসএফের তৎপরতা প্রসঙ্গে মমতা বলেন, ‘শুধু বর্ডারে গিয়ে গুলি চালায়। আমি পুলিশকে বলেছি গুলি যদি কেউ চালায় তার বিরুদ্ধে যেন অ্যাকশন হয়।এফআইআর হবে। সরকার ব্যবস্থা নেবে। কারণ, গুলি করে মারবার অধিকার কারও নেই। কী মনে করে বিজেপি? সবাই দস্যু সাধারণ মানুষ? সাধারণ মানুষ আপনারা সব খারাপ, আর ওনারা কী ভগবান? যেখানে যেখানে ওরা গিয়ে গুণ্ডামি করবে? আমি মা-বোনেদের বলব, হাতা-খুন্তি লইয়া, খেদাইয়া দাও দাঁড়াইয়া।’

পশ্চিমবঙ্গে আগামী ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ থেকেই নির্বাচনী প্রচারে মাঠে নেমেছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #

পার্সটুডে/এমএএইচ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।