কুরআন অবমাননার অভিযোগে ‘আপ’ বিধায়কের বিরুদ্ধে বিজেপি’র বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/india-i13720-কুরআন_অবমাননার_অভিযোগে_আপ’_বিধায়কের_বিরুদ্ধে_বিজেপি’র_বিক্ষোভ
ভারতের পাঞ্জাবের মালারকোটলাতে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় আম আদমি পার্টি বা ‘আপ’ বিধায়ক নরেশ যাদবের নামে অভিযোগ ওঠায় আজ তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০১৬ ১৫:৫৫ Asia/Dhaka
  • দিল্লিতে আপ বিধায়ক নরেশ যাদবের বিরুদ্ধে বিক্ষোভ
    দিল্লিতে আপ বিধায়ক নরেশ যাদবের বিরুদ্ধে বিক্ষোভ

ভারতের পাঞ্জাবের মালারকোটলাতে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় আম আদমি পার্টি বা ‘আপ’ বিধায়ক নরেশ যাদবের নামে অভিযোগ ওঠায় আজ তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।

আজ (সোমবার) তারা দিল্লিতে আপ বিধায়ক নরেশ যাদবের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। তারা ‘কেজরিওয়াল হোশ মে আও’, ‘খারাপ রাজনীতি চলবে না, চলবে না’ বলে স্লোগান দেয় এবং ‘ধর্মীয় অনুভুতি নিয়ে খেলা বন্ধ করো’, ‘কেজরিওয়াল লজ্জা’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশকে রাস্তায় লোহার ব্যারিকেড দিতে হয়।

দিল্লির বিজেপি সভাপতি সতীশ উপাধ্যায় আজ সাংবাদিকদের বলেন, ‘রমজানের পবিত্র মাসে পবিত্র কুরআন ছেঁড়া হয়েছে। এটা দুঃখজনক ঘটনা।’ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে আপ ওই ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি অবিলম্বে আপ বিধায়ক নরেশ যাদবকে গ্রেফতার করতে হবে বলে দাবি করেন।

আপ বিধায়ক নরেশ যাদব

এদিকে, পাঞ্জাবের মালারকোটলাতে আজ সন্ধ্যায় আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সভা করার কথা থাকলেও সেখানে আজ দুপুরে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতের পাঞ্জাবে সাংরুর জেলার মালারকোটলাতে পবিত্র কুরআন অবমাননার অভিযোগে গত সোমবার রাতে পাতিয়ালা থেকে বিজয় কুমার (৪৬), নন্দ কিশোর (৫২) এবং গৌরব (২৪) নামে তিন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ জুন রাতে পাঞ্জাবের মুসলিম অধ্যুষিত মালারকোটলা শহরে কুরআন শরীফের ছেঁড়া পাতা পড়ে থাকাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

গত শনিবার পুলিশ হেফাজতে থাকা মূল অভিযুক্ত বিজয় কুমার কুরআন শরীফ অবমাননার ঘটনায় ষড়যন্ত্রকারী হিসেবে ‘আপ’ বিধায়ক নরেশ যাদবের নাম করেন। পুলিশকে বিজয় কুমার জানায়, নরেশ যাদব তাদের ওই কাজ করতে এক কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। বিজয়ের দাবি, ‘আপ’ পার্টি পাঞ্জাবে নির্বাচনের আগে ধর্মীয় পরিবেশ নষ্ট করে নির্বাচনি ফায়দা তুলতে চেয়েছিল। এর পরেই নরেশ যাদবের নামে এফআইআর করে পুলিশ। অভিযুক্ত ওই বিধায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৯ এবং ১৫৩-এ ধারা অনুযায়ী পুলিশ মামলা দায়ের করেছে।

আজ আপ বিধায়ক নরেশ যাদব বলেন, ‘আমরা তদন্তে শামিল হওয়ার জন্য প্রস্তুত। পুলিশের ডিজিপিকে বলেছি, যদি আমার বিরুদ্ধে পবিত্র গ্রন্থ অবমাননার কোনো সাক্ষ্য প্রমাণ পান তাহলে আমাকে ফাঁসি দিতে পারেন। কিন্তু মিথ্যা অভিযোগ করবেন না।’

এদিকে, অন্য একটি সূত্রে প্রকাশ, আপের পক্ষ থেকে রাজ্য পুলিশের তদন্তে প্রশ্ন তুলে তারা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এসআইটি তদন্তের দাবি করেছেন। পাঞ্জাবে নির্বাচনের আগে আপের বদনাম করার জন্য এটি একটি চক্রান্ত বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৪