‘চৌকিদারের’ নাকের ডগা দিয়ে চুরি হলেও কিছুই বলছেন না : রাহুল গান্ধী
-
কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী আজ সংসদে বলেন, প্রধানমন্ত্রী মুদ্রাস্ফীতি কম করার প্রতিশ্রুতির কথা ভুলে গেছেন।
মুদ্রাস্ফীতি নিয়ে রাহুল গান্ধী আজ (বৃহস্পতিবার) লোকসভায় কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন। রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী খোদ নিজেকে দেশের চৌকিদার হিসেবে তুলে ধরেন। কিন্তু আজ চৌকিদারের নাকের ডগা দিয়ে ডাল চুরি হলেও চৌকিদার কিছুই করছে না।’ রাহুল বলেন, এবার আপনি দেশের চৌকিদারি আমাদের ওপর ছেড়ে দিন।
রাহুল বলেন, ‘সরকারের দুই বছর পূর্তি ধূমধাম করে পালন করা হল। অনেকে তারকাদের আমন্ত্রণ করে অনুষ্ঠান করা হল কিন্তু সেখানে মোদিজী মুদ্রাস্ফীতি নিয়ে একটি শব্দও বলেননি।’
তিনি অড়হর ডালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদিকে তীব্র কটাক্ষ করেন। লোকসভা নির্বাচনের আগে বিজেপি’র পক্ষ থেকে মোদিকে নিয়ে স্লোগান তোলা হয়েছিল ‘হর হর মোদি’, ‘ঘর ঘর মোদি’। যদিও রাহুল আজ সেই স্লোগানকে টেনে কটাক্ষ করে বলেন, আজকাল গ্রামে, শহরে, নগরে একটাই স্লোগান শোনা যাচ্ছে, ‘অড়হর মোদি, অড়হর মোদি’।
রাহুল আজ বলেন, ‘২০১৪ সালের তুলনায় টমেটোর দাম ৩০০ শতাংশ বেড়েছে। অড়হরের ডাল ৭৫ টাকা কেজি থেকে ১৮০ টাকা কেজি হয়েছে। প্রধানমন্ত্রী মোদি নিজেকে দেশের চৌকিদার হিসেবে তুলে ধরেছিলেন। ডাল চুরি হচ্ছে, যদিও চৌকিদার চুপ করে রয়েছে। আমাদের সময়ে ন্যূনতম সহায়ক মূল্য এবং বাজার মূল্যের মধ্যে মাত্র ৩০ টাকার পার্থক্য ছিল। এখন এই পার্থক্য বেড়ে ১৩০ টাকা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি নিজের পরিকল্পনাকে ফুলিয়ে ফাঁপিয়ে ঘোষণা করছেন কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ে কিছুই বলছেন না। তিনি ডাল, টমেটো, আলু ইত্যাদির মূল্যবৃদ্ধি নিয়ে কিছুই বলছেন না।’
রাহুল বলেন, ‘গত বছর বড় শিল্পপতিদের ৫২ হাজার কোটি টাকার ঋণ মওকুফ করে দিয়েছেন। এতে শিল্পতিদের ফায়দা হলেও কৃষক, মজদুর এবং দরিদ্র মহিলাদের কোনো লাভ হয়নি।’ তিনি প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পে একজনেরও চাকরি হয়নি বলে মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাহুল বলেন, ‘আপনি যত খুশি ওয়াদা করুন, সংবাদ সম্মেলন করুন। কিন্তু সংসদে নির্দিষ্ট তারিখ বলুন কবে ডাল, টমেটো এ সবের দাম কমবে।’
রাহুলের পর সরকার পক্ষে সাফাই দিয়ে অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, ‘মুদ্রাস্ফীতি নিয়ে মোদি সরকার বড় পদক্ষেপ নিয়েছে। ডালের কালোবাজারি বন্ধ করেছে।’ তিনি ডাল এ বছর ভালো উৎপাদন হবে বলে আশাপ্রকাশ করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৮