সার্কে অংশ নিতে পাকিস্তান গেলেন রাজনাথ, ইসলামাবাদে বিক্ষোভ
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক সম্মেলনে অংশ নিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ পাকিস্তানে গেছেন। তার সফরের বিরোধিতা করে ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) শীর্ষ পর্যায়ে প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে পাকিস্তানে গেছেন রাজনাথ সিং। তার সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা। আজ পাকিস্তানে যাওয়ার আগে রাজনাথ বলেন, সন্ত্রাসবাদ ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে আঞ্চলিক স্থিতাবস্থা বজায় রাখার ওপর তিনি নজর দেবেন। ওই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তাকে সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সমস্ত কিছুই আলোচনায় রাখা হবে বলেও তিনি জানান।
হিজবুল মুজাহিদীন প্রধান সৈয়দ সালাউদ্দিন এবং লস্কর-ই তাইয়্যেবা প্রধান হাফিজ সাঈদের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে পাকিস্তানে রাজনাথের নিরাপত্তা কঠোর করা হয়েছে। ইসলামাবাদে রাজনাথের নিরাপত্তায় ২০০ কমান্ডো মোতায়েন করা হয়েছে। তাকে প্রেসিডেন্ট পর্যায়ের নিরাপত্তা দেয়া হচ্ছে।
আজ ইসলামাবাদে সম্মেলন স্থলের বাইরে রাজনাথ সিংয়ের সফরের বিরোধিতা করে মানুষজন তীব্র বিক্ষোভ দেখায়। হাফিজ সাঈদ এর আগে এক হুঁশিয়ারিতে বলেন, ‘রাজনাথ এখানে এলে গোটা দেশজুড়ে এর বিরোধিতা করা হবে।’
অন্যদিকে, সৈয়দ সালাউদ্দিন তার পাক সফর নিয়ে প্রশ্ন তুলে তাকে কাশ্মিরিদের হত্যাকারী বলে অভিহিত করেছেন। তিনি ভারত থেকে পাক দূতকে প্রত্যাহার করে নেয়াসহ ভারতের সঙ্গে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক শেষ করারও দাবি জানিয়েছেন।
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু আজ দিল্লিতে বলেন, ‘সার্কে বহুপাক্ষিক বৈঠক হয়। রাজনাথ সিং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে কোনো বৈঠক করবেন না বা কোনো বার্তাও দেবেন না।’
তিনি বলেন, ‘কাশ্মিরে বুরহান ওয়ানি নিহত হওয়ার পর সহিংসতা বৃদ্ধি পাওয়ায় একে ঢাল করে পাকিস্তান দ্বিপক্ষীয় সংলাপ স্থগিত করতে চাচ্ছে। এমতাবস্থায় যদি ভারতের পক্ষ থেকে ওই সম্মেলনে অংশ না নেয়া হয় তাহলে পাকিস্তান এ ঘটনাকে আন্তর্জাতিক ফোরামে ইস্যু তৈরি করবে।’#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩