ভারত সন্ত্রাস ও মাওবাদের সামনে নত হবে না : স্বাধীনতা দিবসের ভাষণে মোদি
https://parstoday.ir/bn/news/india-i17269-ভারত_সন্ত্রাস_ও_মাওবাদের_সামনে_নত_হবে_না_স্বাধীনতা_দিবসের_ভাষণে_মোদি
‘ভারত সন্ত্রাসবাদ এবং মাওবাদের সামনে মাথা নত করবে না। এখানে সহিংসতা এবং জুলুমের কোনো স্থান নেই।’ আজ (সোমবার) ভারতের ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে দেয়া ভাষণে ওই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ১৫, ২০১৬ ০৮:২৭ Asia/Dhaka
  • স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি
    স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি

‘ভারত সন্ত্রাসবাদ এবং মাওবাদের সামনে মাথা নত করবে না। এখানে সহিংসতা এবং জুলুমের কোনো স্থান নেই।’ আজ (সোমবার) ভারতের ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে দেয়া ভাষণে ওই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্যই আমাদের দেশ এক। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহিংসতাকে নির্মূল করা অপরিহার্য। এই দেশ সহিংসতাকে কখনো সহ্য করবে না, সন্ত্রাসবাদকে কখনো সহ্য করবে না। মাওবাদের সামনে মাথানত করবে না।’

তিনি বলেন, ‘আমি বিপথে চালিত তরুণদের বলতে চাই, আপনারা সহিংসতার পথ ছেড়ে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করুন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যদি ভারতের স্বপ্ন পূর্ণ করতে হয় তাহলে সহিংসতার পথে তা কখনোই সম্ভব নয়। ধরিত্রী মাতা রক্ত রঞ্জিত হচ্ছে কিন্তু তাতে কেউ কিছুই পায়নি। আমি ওইসব তরুণদের বলতে চাই, এই দেশ সন্ত্রাসবাদের সামনে কখনোই নতিস্বীকার করবে না। এখনো সময় আছে ফিরে আসুন। নিজেদের মা-বাবার স্বপ্নকে দেখুন। সহিংসতার পথে কখনো কারো ভালো হয়নি।’

প্রতিবেশী দেশ পাকিস্তানকে উদ্দেশ করে মোদি বলেন, ‘যখন পেশাওয়ারে সন্ত্রাসবাদীরা নিরীহ শিশুদের হত্যা করেছিল, তাদের রক্ত ঝরানো হয়েছিল, তখন ভারতীয় সংসদের চোখে পানি ছিল। ভারতের প্রত্যেক শিশুর চোখ পানিতে ভরে ছিল। এটাই আমাদের মানবতায় লালিত সংস্কৃতি। কিন্তু কিছু লোক সন্ত্রাসবাদকে উৎসাহিত করার কাজ করছে।’

প্রধানমন্ত্রী তার ভাষণে দেশবাসীর উন্নয়নে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে এবং তার সুফল কীভাবে পাওয়া যাচ্ছে সেসবও তুলে ধরেন। বিগত সরকারের তুলনায় বর্তমান সরকার যেসব জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়ে সেসব কথারও উল্লেখ করেন।

এদিকে, প্রধানমন্ত্রীর ভাষণকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। দলটির সিনিয়র নেতা সালমান খুরশিদের মন্তব্য, প্রধানমন্ত্রীর বক্তব্যে ‘গভীরভাবে হতাশ’ হয়েছি। তিনি নির্বাচনি বক্তব্য রেখেছেন। তাকে অবশ্যই দলীয় রাজনীতির ওপরে ওঠে কথা বলা প্রয়োজন।’

আপ নেতা এবং দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনিশ সিসোদিয়া বলেছেন, ‘নীতি এবং কৌশলের দুর্বলতার জন্য আদালতে বিচারপতিরা নিযুক্ত হতে পারছেন না।’ তিনি বলেন, ‘কোনো সিদ্ধান্ত নেয়া হচ্ছে না, কারণ নীতি এবং নিয়ত কোনোটাই স্পষ্ট নয়। হরিয়ানা জ্বলছে, গো-ভক্তির নামে সহিংসতাও রয়েছে।’ নীতি এবং কৌশলের অভাবে কাশ্মির জ্বলছে বলেও তিনি মন্তব্য করেন।

কংগ্রেস মুখপাত্র মনিশ তিওয়ারি প্রধানমন্ত্রীর ভাষণকে ‘পুঁজিবাদী’ বলে অভিহিত করেছেন। ‘গত বছরও উনি এরকম বক্তব্য রেখেছিলেন এবং দু’টোর মধ্যে কোনো পার্থক্য নেই’ বলেও মন্তব্য করেন মনিশ তিওয়ারি।