রাহুলের অভিযোগ: সেনাবাহিনীর রক্ত নিয়ে দালালি করছেন মোদি; পাল্টা জবাব বিজেপি’র
https://parstoday.ir/bn/news/india-i22204-রাহুলের_অভিযোগ_সেনাবাহিনীর_রক্ত_নিয়ে_দালালি_করছেন_মোদি_পাল্টা_জবাব_বিজেপি’র
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেছেন, “জম্মু-কাশ্মিরে জওয়ানরা রক্ত ঝরিয়েছেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করেছেন। তাদের রক্তের আড়ালে আপনি লুকিয়ে পড়েছেন। ওদের রক্ত নিয়ে ‘দালালি’ করছেন! এটা অত্যন্ত অন্যায়।”
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
অক্টোবর ০৭, ২০১৬ ১৩:১০ Asia/Dhaka
  • কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী
    কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বলেছেন, “জম্মু-কাশ্মিরে জওয়ানরা রক্ত ঝরিয়েছেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করেছেন। তাদের রক্তের আড়ালে আপনি লুকিয়ে পড়েছেন। ওদের রক্ত নিয়ে ‘দালালি’ করছেন! এটা অত্যন্ত অন্যায়।”

গতকাল (বৃহস্পতিবার) রাহুলের এ ধরণের মন্তব্যের পরই রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতের শাসকদল হিন্দুত্ববাদী বিজেপি’র জাতীয় সম্পাদক শ্রীকান্ত শর্মা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, “খুবই লজ্জাজনক। এ ধরণের মন্তব্য তার (রাহুল) মানসিকভাবে দেউলিয়া হওয়ারই প্রমাণ করে। উনি হতাশায় ভুগছেন। দালালি বিষয়টি কংগ্রেসের মধ্যে রয়েছে, বিজেপি’র নয়।”

বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, “ঈশ্বর রাহুলকে শুভবুদ্ধি দিন। ‘দালালি’র প্রতি গান্ধী পরিবারের পুরোনো ঘনিষ্ঠতা আছে। বোফর্স থেকে শুরু করে স্পেকট্রাম, কয়লা, সাবমেরিন, জল-স্থল, আকাশ সর্বত্রই দালালির ভাগ খেয়ে এসেছে রাহুলের পরিবার। তাই সেনাবাহিনী সম্পর্কেও এমন কথা মুখ থেকে বের হয়।”

বিজেপি’র জাতীয় সম্পাদক সিদ্ধার্থ নাথ সিং রাহুলের বক্তব্যকে নিন্দনীয় এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে অভিহিত করেছেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, “রাহুল যেভাবে সেনাবাহিনীকে অপমান করছেন, তাতে তিনিই দায়িত্ব নিয়ে কংগ্রেস-মুক্ত ভারত গড়ে ফেলবেন।”

‘সার্জিকাল স্ট্রাইক’ নিয়ে বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে সচেষ্ট হওয়ায় এবং বিভিন্ন শহরে প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর ছবি সম্বলিত বড় বড় হোর্ডিং লাগিয়ে সাফল্য প্রচার শুরু হওয়ায় বিরোধীরা প্রশ্ন তোলা শুরু করেছেন।

আগামী বছরে উত্তর প্রদেশসহ কয়েকটি রাজ্যের নির্বাচনে বিজেপি এ নিয়ে ঢাক পেটাতে পারে এমন আলামত দেখা দেয়ায় বিরোধীরা এর তীব্র সমালোচনা করেছেন। কংগ্রেস নেতারা পাল্টা বলা শুরু করেছেন, "আমাদের আমলেও বিভিন্ন সময়ে অনেকবার সার্জিকাল স্ট্রাইক চালানো হয়েছে। তবে সেসময় আমরা এর সাফল্য নিয়ে ঢাক পেটাই নি।"

এর আগে কংগ্রেসের সাবেক সংসদ সদস্য সঞ্জয় নিরুপম সার্জিকাল স্ট্রাইককে বিজেপি সরকারের ভুয়া দাবি বলে মন্তব্য করেছেন। ‘আপ’ নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ওই স্ট্রাইকের ভিডিও প্রকাশের দাবি করেছেন।

এ নিয়ে কেন্দ্রীয়মন্ত্রী কিরণ রিজুজু বলেছেন, "সরকারের ওপর আস্থা রাখা এবং ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বাস করা উচিত।"  

কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী অবশ্য সবাইকে ছাপিয়ে যারা সার্জিকাল স্ট্রাইক বিশ্বাস করছেন না, তাদের পাকিস্তানের নাগরিকত্ব নেয়ার পরামর্শ দিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী মনোহর পার্রিকার অবশ্য সার্জিক্যাল স্ট্রাইকের কোনো ভিডিও প্রকাশ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন। যারা এ নিয়ে প্রশ্ন করছেন তাদের দেশ প্রেম নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, "ভারতেই এমন বেশ কিছু মহল আছে যাদের দেশপ্রেম, দেশের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। অনেকেরই দেশের প্রতি আনুগত্য নেই, সেনাবাহিনীর নিন্দা করে। তবে তাদের কোনো প্রমাণ দেব না আমরা।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে দেশের সীমান্ত সুরক্ষিত বলেও মনোহর পার্রিকার দাবি করেছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২