নোট বাতিল ইস্যুতে আমাকে বাঁচতে দেবে না: নরেন্দ্র মোদি
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ফটো)
ভারতে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (রোববার) প্রধানমন্ত্রীর দফতরের (পিএমও) টুইটার বার্তায় বলা হয়েছে, ‘আমি জানি অনেক শক্তি আমার বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে, তারা হয়তো আমাকে বাঁচতে দেবে না, তারা হয়তো আমাকে ধ্বংস করে দেবে, কারণ ৭০ বছর ধরে তারা যে লুঠ চালাচ্ছিল, তা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রস্তুত।’
অন্যদিকে, আজ (রোববার) ভারতের গোয়া রাজ্যের মোপায় এক বিমান বন্দরের শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যত বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি বলেন, ‘ওরা ভাবছে বিশৃঙ্খলা সৃষ্টি করে মোদিকে রুখে দেবে। কিন্তু আমি পিছু হটব না। আমাকে যদি জীবন্ত জ্বালিয়ে দেয়া হয় তাতেও আমি থামব না।’
এদিকে, নোট বাতিলের সিদ্ধান্তে আম জনতার হয়রানি এবং ভোগান্তির অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী, উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মায়াবতীসহ অন্য নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় মুখর হয়েছেন। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলেই বিষয়টি নিয়ে নয়া উদ্যমে তোলপাড় শুরু হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য বিরোধীদের সমালোচনাকে বিশেষ গুরুত্ব না দিয়ে বলেছেন,‘শুধু কালো টাকা নয়, বেনামি সম্পত্তির বিরুদ্ধেও এবার ব্যবস্থা নেওয়া হবে। ‘প্রধানমন্ত্রী আজ বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে বলেন,‘গদি আঁকড়ে বসে থাকা নয়, দেশের প্রকৃত উন্নয়নই আমার লক্ষ্য ৷ চেয়ারে বসে থাকতে আমি জন্মাইনি৷ দেশের স্বার্থে আমি পরিবার, বাড়ি, আমার যা কিছু ছিল ছেড়ে এসেছি৷ তা সত্ত্বেও এত সমালোচনার মুখে পড়তে হচ্ছে। দেশের শুভানুধ্যায়ী বলে নিজেকে প্রমাণ করতে হচ্ছে।’
৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হয়ে যাওয়ায় সমস্যা তৈরি হওয়ার কথা স্বীকার করে নিয়ে আজ দেশবাসীর কাছ থেকে ৫০ দিন সময় চেয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘৩০ ডিসেম্বরের পর আপনারা যা শাস্তি দেবেন মাথা পেতে নেব৷’সৎ লোকের ভয় পাওয়ার কোনও কারণ নেই বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।
প্রধানমন্ত্রী এভাবে পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি হলেও বিরোধীরাও বসে নেই।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ (রোববার) প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়কে ফোন করে নোট বাতিলের সিদ্ধান্তে সাধারণ মানুষের ভোগান্তির কথা জানিয়েছেন। প্রণব বাবু এবং মমতার মধ্যে এ ব্যাপারে আগামী ১৬ অথবা ১৭ নভেম্বর দিল্লিতে কথা হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় এরইমধ্যে সুর চড়িয়ে বলেছেন,‘মোদি, মানে ‘ব্যাধির সরকার’ কে জব্দ করার জন্য জেলে পোরা হলেও, গুলি করা হলেও পরোয়া করি না৷’
তিনি বলেন, ‘এক শতাংশ কালো টাকার মালিকদের জন্য ৯৯ শতাংশ মানুষ কেন দুর্ভোগে পড়বে? মানুষ চিকিৎসা করাতে পারছে না, কত বিয়ে ভেঙে গেছে৷ টেনশনের জন্য অনেকের ‘হার্ট অ্যাটাক’হয়েছে৷ সরকার আসল অপরাধীদের ধরুক, কিন্তু সাধারণকে হয়রানি, বিপদে ফেলার প্রতিবাদ করবই৷ এতে একটুও ভয় পাই না৷’
কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে মমতা বিজেপি বিরোধী সব দলের নেতাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন। এমনকী মতাদর্শগত মতবিরোধ থাকলেও নোট বাতিল ইস্যুতে মোদি সরকারকে হুঁশিয়ারি দিতে সিপিএমের মতো ঘোর বিরোধীদের সঙ্গেও যৌথ আন্দোলনে যেতেও কোনো আপত্তি নেই বলে মত প্রকাশ করেছেন মমতা।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৩