রোহিঙ্গা মুসলমান হত্যার প্রতিবাদে কোলকাতায় বিক্ষোভ, কনস্যুলেটে স্মারকলিপি
https://parstoday.ir/bn/news/india-i27691-রোহিঙ্গা_মুসলমান_হত্যার_প্রতিবাদে_কোলকাতায়_বিক্ষোভ_কনস্যুলেটে_স্মারকলিপি
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গের কোলকাতায় বিভিন্ন মুসলিম সংগঠনের ডাকে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিয়ানমার কনস্যুলেটে ৫ সদস্যের এক প্রতিনিধিদল বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৬ ১৬:৫২ Asia/Dhaka

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গের কোলকাতায় বিভিন্ন মুসলিম সংগঠনের ডাকে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিয়ানমার কনস্যুলেটে ৫ সদস্যের এক প্রতিনিধিদল বিভিন্ন দাবিতে স্মারকলিপি দেন।

আজ (বুধবার) কোলকাতার পাকসার্কাস থেকে বেকবাগান মোড় পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন দাবি ও প্রতিবাদসূচক প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা। পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এবং সেখানকার উগ্র বৌদ্ধরা মুসলিমদের ওপরে যে চরম নির্যাতন চালাচ্ছে তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানান। 

সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান আজ সন্ধ্যায় রেডিও তেহরানকে বলেন, সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিলের পক্ষ থেকে মিয়ানমারের প্রধানমন্ত্রীর উদ্দেশে কোলকাতার কনস্যুলেট জেনারেলের দফতরে ৫  সদস্যের এক প্রতিনিধিদল এক স্মারকলিপি দিয়েছে। সেদেশের পুলিশ এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে রোহিঙ্গা মুসলিমদের ওপরে যে নির্মম হত্যা এবং নির্যাতন চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা এবং এ সংক্রান্ত অপরাধে জড়িতদের শাস্তি দেয়াসহ রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। মিয়ানমার কনসাল জেনারেলের সচিব স্মারকলিপি গ্রহণ করে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে তা পাঠানোর আশ্বাস দিয়েছেন।

অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতিন আজ  বলেন, মিয়ানমারের সেনাবাহিনী, পুলিশ ও উগ্র বৌদ্ধরা রোহিঙ্গা মুসলিমদের উপরে যে পাশবিক নির্যাতন ও গণহত্যা চালাচ্ছে তা হিটলারকেও হার মানায়। 

তিনি বলেন, সকল শান্তিকামী মানুষের পক্ষ হতে চাপ সৃষ্টি করা হলে মিয়ানমার সরকার ওই জুলুম বন্ধ করতে বাধ্য হবে। মিয়ানমারের নৃশংসতার জন্য তিনি বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনেরও  সমালোচনা করেন।  

মুফতি আব্দুল মাতিন বলেন, অবিলম্বে রোহিঙ্গাদের উপর চলমান জুলুম ও গণহত্যা বন্ধ করে ওইসব ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি মিয়ানমার নেত্রী অং সাং সুচির নোবেল পুরস্কারকে কুকুরের গলায় মুক্তোর মালা দেয়ার সঙ্গে তুলনা করে ক্ষোভ প্রকাশ করেন।

মিয়ানমার কনস্যুলেটে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান, অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সাধারন সম্পাদক মুফতি আব্দুল মাতিন, জমিয়েতুল আয়েম্মা অল উলামার সভাপতি মুহাম্মদ ইমদাদুল্লাহ এবং জমিয়তে উলামা বাংলার যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।

কোলকাতার ওই প্রতিবাদ সমাবেশে জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিমবঙ্গের আমীর মুহাম্মদ নূরউদ্দিন, সংখ্যালঘু পিস কাউন্সিলের সভাপতি সুখনন্দন সিং আলুওয়ালিয়াসহ  বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৭