বিএসএফ জওয়ানের চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল, তদন্তের নির্দেশ রাজনাথের
https://parstoday.ir/bn/news/india-i30562-বিএসএফ_জওয়ানের_চাঞ্চল্যকর_ভিডিও_ভাইরাল_তদন্তের_নির্দেশ_রাজনাথের
জম্মু-কাশ্মির সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানদের নিম্নমানের খাবার সরবরাহ ও দৈনন্দিন দুর্দশার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তেজ বাহাদুর যাদব নামে এক বিএসএফ জওয়ানের ভিডিওটি ৭০ লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং ৪ লাখ লোক এটি শেয়ার করেছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ১০, ২০১৭ ১০:১৩ Asia/Dhaka
  • বিএসএফ সদস্য তেজ বাহাদুর যাদব
    বিএসএফ সদস্য তেজ বাহাদুর যাদব

জম্মু-কাশ্মির সীমান্তে মোতায়েন বিএসএফ জওয়ানদের নিম্নমানের খাবার সরবরাহ ও দৈনন্দিন দুর্দশার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তেজ বাহাদুর যাদব নামে এক বিএসএফ জওয়ানের ভিডিওটি ৭০ লাখেরও বেশি বার দেখা হয়েছে এবং ৪ লাখ লোক এটি শেয়ার করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সংশ্লিষ্ট জওয়ানের অভিযোগ সম্বলিত যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেটি তিনি দেখেছেন। এ ব্যাপারে স্বরাষ্ট্র সচিবকে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।

বিএসএফ সদস্য তেজ বাহাদুর যাদব ওই ভিডিওচিত্রে অভিযোগ করেছেন, তাদের অত্যন্ত নিম্নমানের খাবার দেয়া হয়। সকালে প্রাতরাশ বলতে একটা পোড়া পরোটা ও চা। তরকারি, আচার কিচ্ছু থাকে না। দুপুরে দেয়া হয় শুধু লবন, হলুদ দিয়ে সিদ্ধ করা পানির মতো ডাল আর রুটি। ১১ ঘণ্টা টানা ডিউটি দিতে হয় তাদের, অনেক সময় পুরো ডিউটির সময়টাই দাঁড়িয়ে থাকতে হয়।  

তিনি এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে বলেছেন, আমাদের সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত একটানা ১১ ঘণ্টা বরফের মধ্যে দাঁড়িয়ে থেকে ডিউটি করতে হয়। যতই বরফ হোক, বর্ষা হোক, তুফান হোক ওই অবস্থাতেই আমাদের কাজ করতে হয়। আমাদের ছবি আপনাদের কাছে খুব ভালো দেখায় কিন্তু আমরা কী পরিস্থিতিতে থাকি মিডিয়া তা দেখায় না, মন্ত্রীও তা শোনেন না। যে সরকারই আসুক, আমাদের অবস্থা একইরকম থাকে। এরপরে আমি আরো তিনটি ভিডিও পাঠাব যাতে আপনারা দেখতে পাবেন আমাদের কর্মকর্তারা আমাদের সঙ্গে করকম অত্যাচার এবং অবিচার করে।

তার দাবি, সরকারের বিরুদ্ধে তার কোনো বক্তব্য নেই কারণ সরকার সমস্ত জিনিষপত্র দিয়ে থাকে কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তারা তা বিক্রি করে দেয়। এর তদন্ত হওয়া প্রয়োজন।

অভিযোগকারী ওই জওয়ানের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় তেজ বাহাদুর গণমাধ্যমকে বলেছেন, আমি যদি এতই অন্যায় করে থাকি তাহলে আমাকে অ্যাওয়ার্ড দেয়া হয়েছিল কেন? আমাকে ১৬ বার সম্মানিত করা হয়েছে এবং একবার স্বর্ণপদকও দেয়া হয়েছে। কিন্তু তিনি তার কর্মজীবনে কিছু ভুল করার কথা স্বীকার করেছেন। বিএসএফ কর্মকর্তারা বলছেন, কয়েকটি ঘটনায় তিনি সাজাও পেয়েছেন।

তেজ বাহাদুর যাদব নামে ওই জওয়ানের দাবি, ভিডিও প্রকাশের পর বেঁচে থাকুন বা না থকুন তিনি চান দেশের প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ সকলেই জানুক, কী অবস্থায় দিন কাটে জওয়ানদের

গতকাল সোমবার দিল্লি হাইকোর্টে ভারতীয় বিমানবাহিনীর সাবেক প্রধান এস পি ত্যাগীর জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই জানায়, অগস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার দুর্নীতিতে অভিযুক্ত সাবেক বিমানবাহিনী প্রধান এস পি ত্যাগী গুরুতর অপরাধ করেছেন। যা গোটা দেশকে লজ্জার মুখে ফেলে দিয়েছে। কিন্তু এস পি ত্যাগীর আইনজীবীর দাবি, তার মক্কেলের বিরুদ্ধে এই মামলায় কোনো প্রমাণ নেই। এ নিয়ে পাল্টাপাল্টি দাবি থাকলেও জম্মু-কাশ্মির সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ান তেজ বাহাদুর যাদব উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ তুলেছেন তাও কম লজ্জার নয় বলে বিশ্লেষকরা মনে করছেন।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/১০