উত্তর প্রদেশে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে বিজেপি: মোদি
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ফটো)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, উত্তর প্রদেশে স্ক্যামের বিরুদ্ধে লড়াই করবে বিজেপি। তিনি স্ক্যাম (SCAM) অর্থাৎ এস-সমাজবাদী পার্টি, সি-কংগ্রেস, এ-অখিলেশ, এম-মায়াবতী এভাবে আজ ব্যাখ্যা করেন।
উত্তর প্রদেশের মিরাটে আজ এক নির্বাচনি সমাবেশে তিনি আরও বলেন, ‘ উত্তর প্রদেশ যে দুর্নীতির খেলা চলছে তা বন্ধ করে এখানে পরিবর্তন আনতে হবে। আপনারা আমাকে আশীর্বাদ করুন যাতে অসাধু, মাফিয়া, গুণ্ডাদের হাত থেকে সবাইকে রক্ষা করতে পারি।’
উত্তর প্রদেশে বর্তমানে ক্ষমতায় রয়েছে সমাজবাদী পার্টি, তাদের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। অন্যদিকে, বিরোধী বিএসপি দলের প্রধান হলেন মায়াবতী।
রাজ্যটিতে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মধ্যে জোট হয়েছে। সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে এরা একে অপরের সমালোচনা করে এলেও আজ তারা একসঙ্গে নির্বাচনে লড়ছে। রাজনীতিতে এই প্রথম এরকম জোট দেখা গেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, ‘গুণ্ডাদের আশ্রয়প্রদানকারী, মা, বোনদের সম্মান লুটকারী সরকারকে হটাতে হবে। উত্তর প্রদেশ বড় রাজ্য হওয়ার সুবাদে তাদের উন্নয়নে ৭ হাজার কোটি টাকা দেয়া হয়েছিল। কিন্তু উত্তর প্রদেশ সরকার সেই টাকা সব খরচ করতে পারেনি।’
প্রধানমন্ত্রী আজ নির্বাচনি প্রচারে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ প্রসঙ্গও টেনে আনেন। পাকিস্তানের মাটিতে ঢুকে এত বড় সেনা অভিযান কীভাবে সম্ভব হল তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ গবেষণা শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন। যারা ওই অভিযান নিয়ে প্রশ্ন তুলেছে দেশে তাদের রাজনীতি করার অধিকার আছে কী না তা নিয়েও তিনি প্রশ্ন উত্থাপন করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৪