বিজেপি ঝড় থেকে রক্ষা পেতে অখিলেশ জোটের আশ্রয় নিয়েছেন: মোদি
https://parstoday.ir/bn/news/india-i32421-বিজেপি_ঝড়_থেকে_রক্ষা_পেতে_অখিলেশ_জোটের_আশ্রয়_নিয়েছেন_মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বিজেপি ঝড় থেকে রক্ষা পেতে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জোটের আশ্রয় নিয়েছেন কিন্তু এই ঝড় খুব তীব্র হওয়ায় তিনি টিকতে পারবেন না, কারণ মানুষ পরিবর্তন চাচ্ছে।’ আজ (রোববার) উত্তর প্রদেশের আলীগড়ে দলীয় এক সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৭ ১৭:১৮ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি
    নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বিজেপি ঝড় থেকে রক্ষা পেতে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জোটের আশ্রয় নিয়েছেন কিন্তু এই ঝড় খুব তীব্র হওয়ায় তিনি টিকতে পারবেন না, কারণ মানুষ পরিবর্তন চাচ্ছে।’ আজ (রোববার) উত্তর প্রদেশের আলীগড়ে দলীয় এক সমাবেশে তিনি ওই মন্তব্য করেন।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উত্তর প্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মধ্যে জোট হয়েছে। সমাজবাদী পার্টি-কংগ্রেস জোটকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন।  

তিনি আজ বলেন, ‘আগে আলীগড়ের তালা গোটা ভারতে বিক্রি হতো কিন্তু এতবছর ধরে উত্তর প্রদেশে এমনভাবে সরকার চলেছে যে আলীগড়ের তালা কেবল আলীগড়েই কাজে এসেছে। এখানকার ছোট ছোট কারখানায় তালা পড়ে গেছে।’

তিনি আজ রাজ্যে বিদ্যুতের বেহালদশা নিয়েও ক্ষমতাসীন সরকারকে কটাক্ষ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘সময় পাল্টে গেছে। ‘বিকাশ’-র (উন্নয়নের) সংজ্ঞা হল বি- বিদ্যুৎ, কে- কানুন ব্যবস্থা (আইন-শৃঙ্খলা) এবং এস- সড়ক। বিদ্যুৎ, আইনশৃঙ্খলা এবং সড়কের মাধ্যমে উন্নয়ন করা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা উত্তর প্রদেশে দুর্বৃত্তদের আশ্রয় প্রদানকারীদের রাজ্য থেকে বের করে দিন। এখানে দুর্বৃত্তদের প্রশ্রয়ের জন্য পুলিশও তাদের বিরুদ্ধে মামলা নেয় না। এখানে মা-বোনদের কাঠ জ্বালিয়ে রান্না করতে হয়, ৪০০ সিগারেটের ধোঁয়া তাদের শরীরে প্রবেশ করে এটা কী অপরাধ নয়? কেন্দ্রে আমাদের সরকার আসার পরে এক কোটি ৮০ লাখ গ্যাস সংযোগ দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আজও ১৮ হাজার এমন গ্রাম রয়েছে যেখানে বিদ্যুৎ পৌঁছায়নি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এরমধ্যে অধিকাংশ গ্রামই উত্তর প্রদেশের।’ তিনি কর্মকর্তাদের এক হাজার দিনের মধ্যে ওইসব গ্রামে বিদ্যুতের ব্যবস্থা করতে বলেছেন বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন। #

পার্সটুডে/এমএএইচ/এআর/এআর/৫