উরি হামলা: প্রমাণ না থাকায় ২ পাকিস্তানি কিশোরকে মুক্তি দিল ভারত
https://parstoday.ir/bn/news/india-i34180-উরি_হামলা_প্রমাণ_না_থাকায়_২_পাকিস্তানি_কিশোরকে_মুক্তি_দিল_ভারত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে আটক দুই পাকিস্তানি কিশোরকে শেষ পর্যন্ত মুক্তি দিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আজ (বুধবার) জানিয়েছে, সন্ত্রাসীদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে দুই কিশোরকে আটক করা হলেও উপযুক্ত প্রমাণের অভাবে তাদের মুক্তি দেয়া হয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
মার্চ ০৮, ২০১৭ ১৯:১৯ Asia/Dhaka
  • উরি হামলা: প্রমাণ না থাকায় ২ পাকিস্তানি কিশোরকে মুক্তি দিল ভারত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে আটক দুই পাকিস্তানি কিশোরকে শেষ পর্যন্ত মুক্তি দিয়েছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আজ (বুধবার) জানিয়েছে, সন্ত্রাসীদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে দুই কিশোরকে আটক করা হলেও উপযুক্ত প্রমাণের অভাবে তাদের মুক্তি দেয়া হয়।

গত ১৮ সেপ্টেম্বর উরির পদাতিক ব্রিগেডের সদর দফতরে চালানো হামলায় ভারতের ১৮ সেনা নিহত হয়েছিল। ভয়াবহ এ হামলার তিনদিন পর ফয়সাল হোসেইন আওয়ান এবং আহসান খুরশিদ নামে দুই পাকিস্তানি কিশোরকে আটক করা হয়। উরির হামলায় জড়িত সন্ত্রাসীদের পথ দেখানোর কাজে এই দুই কিশোর জড়িত ছিল বলে অভিযোগ আনা হয়েছিল।

ভারতীয় সেনাবাহিনী দাবি করেছিল, পাকিস্তানভিত্তিক জয়শে মোহাম্মদের সঙ্গে জড়িত ছিল দুই কিশোর। সন্ত্রাসীদের কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা পার হওয়ার পথ দেখিয়েছে তারা দু জন। উরির কাছাকাছি একটি গ্রাম থেকে তাদের প্রথমে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। পরে তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয়।

কিন্তু ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ আজ বলেছে, পাকিস্তানি দুই কিশোরকে মুক্তি দেয়া হয়েছে। নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়ার জন্য তাদেরকে ভারতীয় সেনাবাহিনীর ১৬ কোরের সদর দফতরের হাতে তুলে দেয়া হয়।

এনআইএ আরো বলেছে, আটক কিশোরদের জবানবন্দি, তাদের মোবাইল ফোনের কারিগরি বিশ্লেষণ, আটক জিপিএস যন্ত্র এবং সংগৃহীত অন্যান্য সরেজমিন আলামত খতিয়ে দেখা হয়েছে। এতে উরির হামলাকারীদের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায় নি বলে জানায় এনআইএ।

অবশ্য, এর আগে এনআইএ বলেছিল, জয়শে মোহাম্মাদ নয় বরং উরির হামলায় জড়িত ছিল পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী লশকরে তৈয়্যেবা।#

পার্সটুডে/মূসা রেজা/৮