রোহিঙ্গা বিতাড়ন বন্ধে আশ্বাস দিল না ভারত সরকার, সোমবার ফের শুনানি
https://parstoday.ir/bn/news/india-i45253-রোহিঙ্গা_বিতাড়ন_বন্ধে_আশ্বাস_দিল_না_ভারত_সরকার_সোমবার_ফের_শুনানি
ভারতে বসবাসরত রোহিঙ্গা মুসলিমদের বিতাড়ন বন্ধ করার জন্য কোনো আশ্বাস দিল না কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ভারত থেকে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর কর্মসূচি নেয়া হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ০৬:৫১ Asia/Dhaka
  • কাশ্মিরে আশ্রিত কয়েকজন রোহিঙ্গা মুসলিম
    কাশ্মিরে আশ্রিত কয়েকজন রোহিঙ্গা মুসলিম

ভারতে বসবাসরত রোহিঙ্গা মুসলিমদের বিতাড়ন বন্ধ করার জন্য কোনো আশ্বাস দিল না কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ভারত থেকে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর কর্মসূচি নেয়া হয়েছে।

মুহাম্মদ সালিমুল্লাহ ও মুহাম্মদ শাকির নামে দু’জন রোহিঙ্গা অভিবাসী সুপ্রিম কোর্টে রোহিঙ্গাদের বিতাড়ন কর্মসূচির বিরুদ্ধে আবেদনে তাদের বিরুদ্ধে ‘দমনপীড়নমূলক পদক্ষেপ’ না নেয়ার দাবি জানান। কিন্তু গতকাল (সোমবার) সুপ্রিম কোর্টে এক শুনানির সময় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করা অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা এমন কোনো আশ্বাস দিতে পারছেন না বলে জানান।  

আদালতে রোহিঙ্গাদের আবেদনে বলা হয়, তাদের বের করে দেয়ার যে কোনো উদ্যোগ ভারত রাষ্ট্রের ‘এ দেশের নাগরিক হোন বা না হোন, প্রতিটি মানুষের জীবন ও স্বাধীনতা রক্ষার’ সাংবিধানিক নিশ্চয়তার পরিপন্থি হবে। তাছাড়া, যে দেশে পাঠানো হলে উদ্বাস্তুদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা আছে, সেখানে তাদের পাঠানো থেকে বিরত রাখার আন্তর্জাতিক আইন রয়েছে। ভারত সেই আইনের শরিক হওয়ার সুবাদে রোহিঙ্গাদের বিতাড়নের চেষ্টা করলে সেই আইন লঙ্ঘিত হবে।

ভারতের সুপ্রিম কোর্ট

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু সংসদে রোহিঙ্গাসহ বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বের করে দিতে সব রাজ্যকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান। এরপরই রোহিঙ্গাদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি হলে তারা বিতাড়ন বন্ধের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

সোমবার রোহিঙ্গা আবেদনকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণ আদালতে বলেন, ‘রোহিঙ্গারা দুনিয়ার সবচেয়ে দুর্ভাগা মানুষ। সর্বত্র ওদের কচুকাটা করা হচ্ছে। ওদের রক্ষা করুন।’ কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ এ ব্যাপারে কোনো অভয় দেয়নি।

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে কাশ্মিরে বিক্ষোভ

অন্যদিকে, জম্মু-কাশ্মিরে বসবাসরত প্রায় ছয় হাজার রোহিঙ্গা মুসলিমের হয়ে সিনিয়র আইনজীবী কলিন গঞ্জালভেজ ও আদালতে রোহিঙ্গা বিতাড়নের বিরুদ্ধে আবেদন জানান।

এদিন, প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ আইনজীবী প্রশান্ত ভূষণকে তাদের পিটিশনের কপি কেন্দ্রীয় সরকারকে দিতে বলে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রিপোর্ট পাওয়ার পর আগামী ১১ সেপ্টেম্বর ওই মামলার পরবর্তী শুনানি হবে।

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে কাশ্মিরে বিক্ষোভ

এদিকে, রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে গতকাল জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালে সিটিজেনস কাউন্সেল নামে এক বেসরকারি সংস্থা আয়োজিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। খানকাহ এ ফৈজ পানাহ থেকে শিশুসহ বহু মানুষ প্ল্যাকার্ড হাতে নিয়ে মিয়ানমার বিরোধী বিক্ষোভ মিছিলে শামিল হয়ে রোহিঙ্গা মুসলিমদের হত্যা বন্ধ করার দাবি জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫