ভারত থেকে রোহিঙ্গাদের বের করে দেয়া হবেই: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
https://parstoday.ir/bn/news/india-i45301-ভারত_থেকে_রোহিঙ্গাদের_বের_করে_দেয়া_হবেই_স্বরাষ্ট্র_প্রতিমন্ত্রী
ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ‘রোহিঙ্গারা ভারতের চোখে অবৈধ অনুপ্রবেশকারী। আইনে যেহেতু ওরা বৈধ অভিবাসনকারী নয়, সেজন্য ওদের ভারত থেকে বের করে দেওয়া হবে।’
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ০৯:১০ Asia/Dhaka
  • ভরতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু
    ভরতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ‘রোহিঙ্গারা ভারতের চোখে অবৈধ অনুপ্রবেশকারী। আইনে যেহেতু ওরা বৈধ অভিবাসনকারী নয়, সেজন্য ওদের ভারত থেকে বের করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘আইন তার নিজেস্ব পথে চলবে এবং আইন অনুসারেই অবৈধ শরণার্থীদের দেশ থেকে চলে যেতেই হবে।  

রিজিজু এ ব্যাপারে কঠোর মনোভাব ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক সংগঠনগুলোকে বলে দিতে চাই, জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের আওতায় নথিভুক্ত হোক বা না হোক, রোহিঙ্গারা ভারতের চোখে অবৈধ অনুপ্রবেশকারী। সেজন্য ভারত থেকে ওদের বের করে দেয়া হবে।

গতকাল (মঙ্গলবার) নয়াদিল্লিতে নর্থ-ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কিরেন রিজিজু ওই মন্তব্য করেন।  

শরণার্থী বহিষ্কার প্রসঙ্গে বিভিন্ন সংস্থার সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, শরণার্থী সমস্যা সমাধান করার জন্য ভারতকে কারো উপদেশ দেয়ার প্রয়োজন নেই। ভারতই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে ও গ্রহণ করেছে।

রিজিজু বলেন, ভারত সরকার আগেই রাজ্যগুলোকে বলেছে, শরণার্থী ইস্যুতে তারা টাস্ক ফোর্স গড়ে অবৈধভাবে আসা শরণার্থীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর জন্য সঠিক পদক্ষেপ নিক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত ৮ আগস্ট এ ব্যাপারে আনুষ্ঠানিক নির্দেশিকা বিভিন্ন রাজ্যে পাঠানো হয়েছে।

বর্তমানে ভারতে প্রায় ৪০ হাজার শরণার্থী বাস করছে বলে সরকার মনে করছে। কিন্তু জাতিসঙ্ঘের নথিভুক্ত শরণার্থীদের সংখ্যা মাত্র ১৪ হাজার।

রোহিঙ্গা শরণার্থী ইস্যুটি ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে। মুহাম্মদ সালিমুল্লাহ ও মুহাম্মদ শাকির নামে দুজন রোহিঙ্গা অভিবাসী সুপ্রিম কোর্টে রোহিঙ্গাদের বিতাড়ন কর্মসূচির বিরুদ্ধে আবেদনে তাদের বিরুদ্ধে দমনপীড়নমূলক পদক্ষেপ না নেয়ার দাবি জানিয়েছেন।

৪ সেপ্টেম্বর এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের জবাব চাওয়া হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর ওই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে, ভারত থেকে রোহিঙ্গা শরণার্থীদের বহিষ্কার করার সিদ্ধান্তে জাতীয় মানবাধিকার কমিশন কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

জাতিসঙ্ঘের মহাসচিবের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, শরণার্থীদের ওই দেশে ফেরত পাঠানো যাবে না, যেখানে তাদের নির্যাতনের আশঙ্কা রয়েছে।

জাতিসঙ্ঘের মতে,  শরণার্থীদের নিবন্ধীকরণের পরে ওই দেশে ফেরত পাঠানো যায় না যেখানে তাদের বিরুদ্ধে ধর্ম, জাতি, জাতীয়তা, সামাজিক সংগঠন সংশ্লিষ্ট ও রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে অত্যাচারের আশঙ্কা রয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৫