পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দুর্গাপুজোকে 'শোকের উৎসবে' পরিণত করছেন: দিলীপ ঘোষ
-
বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুর্গাপুজোকে শোকের উৎসবে পরিণত করছেন বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
আজ (সোমবার) উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁয় একটি অনুষ্ঠান গৃহে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করতে এসে সাংবাদিকদের সামনে তিনি ওই মন্তব্য করেন।
দিলীপ ঘোষ বলেন, ‘উৎসব, পার্বণ যাই হোক ওনার দায়িত্ব তা হল তার সুরক্ষার ব্যবস্থা করা। কিন্তু উনি সেটা করতে না পেরে বারে বারে বিসর্জন বন্ধ করার চেষ্টা করছেন। কখনো বলছেন দুর্গা পুজো আনন্দের উৎসব, কখনো বলছেন মহররম শোকের উৎসব, এভাবে তিনি দুর্গাপুজোটাই শোকের উৎসবে পরিণত করছেন। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে এসব করা হচ্ছে।’
এ নিয়ে বনগাঁর তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘দিলীপ বাবুর অভিযোগ ঠিক নয়। বাংলায় সমস্ত সম্প্রদায়ের মানুষ তাদের চিরাচরিত ঐতিহ্য মেনে শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে থাকেন। তাতে যাতে কোনোভাবেই বিঘ্ন না ঘটে মুখ্যমন্ত্রী সেই চেষ্টাই করেছেন। দিলীপ বাবুরা হালে পানি না পেয়ে আবোল তাবোল বকছেন।’
‘বিজেপি নানা উসকানি দিয়ে দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা চেষ্টা করলেও আগামী নির্বাচনে রাজ্য থেকে তাদের শূন্য হাতেই ফিরতে হবে’ বলেও মন্তব্য মন্তব্য করেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস।
দুর্গাপুজোর মধ্যে আশুরা/মহররম পড়ায় ওইদিন কোনোভাবেই দুর্গা প্রতিমা বিসর্জন দেয়া যাবে না বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। তার ওই ঘোষণায় হিন্দুত্ববাদী বিজেপি’র পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে আদালতেও জনস্বার্থ মামলা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘সব ধর্মের মানুষের কথা ভেবে, সব দিকে শান্তি বজায় রাখতেই ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার কথায় ‘বিসর্জন ও মহররম নির্বিঘ্নে হোক।’
এ বছর বিজয়া দশমী পড়েছে ৩০ সেপ্টেম্বর। এর পরের দিন ১ অক্টোবর আশুরা পালিত হবে।
গত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পুজো শান্তিতে হবে। বিসর্জনকে কেন্দ্র করে বিজেপি নোংরা রাজনীতি করছে। বজরং, আরএসএস বা বিজেপি মার্কা কয়েকটা লোক যদি মনে করেন আমাদের শান্তি, সংস্কৃতিতে আঘাত হানবেন, তাদের বলে দিচ্ছি আগুন নিয়ে খেলবেন না। বাংলার মানুষ এসব মেনে নেবে না। এখানে কোনও গেম প্ল্যান বা ব্রেন প্ল্যান কাজে লাগবে না বলেও মমতা সাফ জানিয়ে দেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৮