পশ্চিমবঙ্গে বিজেপি’র বিরুদ্ধে বিক্ষোভ, প্রধানমন্ত্রী কুশপুত্তলিকা পোড়াল তৃণমূল
-
নরেন্দ্র মোদির কুশপুত্তলিকায় আগুন দিল তৃণমুল কর্মীরা
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বিজেপি’র বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পুড়িয়েছে।
আজ (শনিবার) তৃণমূল নেতা-কর্মীরা পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার পাশাপাশি জেলার বিভিন্নস্থানে বিজেপিবিরোধী বিক্ষোভ প্রদর্শন করেন ও প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ান।
দার্জিলিংয়ের পাহাড়ে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নিগ্রহের নেপথ্যে তৃণমূলের হাত থাকার কথা দাবি করে গতকাল শুক্রবার কোলকাতাসহ রাজ্যের বিভিন্নস্থানে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতা-কর্মীরা বিক্ষোভ দেখান। কোলকাতায় পোড়ানো হয় মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা।
ওই ঘটনায় মুখ্যমন্ত্রীর অবমাননা হয়েছে অভিযোগ করে রাজ্য তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গতকাল বিজেপির বিরুদ্ধে পথে নামাসহ প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানোর নির্দেশ দেন।
পার্থ বাবু বলেন, ‘শুক্রবার ক্ষমতা প্রদর্শনের নামে মুখ্যমন্ত্রীকে অসম্মান করেছে বিজেপি। তার ছবি বিকৃত করা হয়েছে। প্ররোচনামূলক কথা বলছে বিজেপি, যা কোনওভাবেই তৃণমূল মানবে না। এর জবাব দিতে শনিবার রাস্তায় নামা হবে।’ তার নির্দেশ মতো শনিবার তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
আজ কোলকাতা গড়িয়াহাটে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায় বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বলেন, ‘নরেন্দ্র মোদির সরকার গভীর ষড়যন্ত্র করে দার্জিলিংয়ে যে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, তা রুখতেই মানুষকে সঙ্গে নিয়ে আমরা শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে অবস্থান ও আন্দোলন করছি। এতে কাজ না হলে আরো বড় আন্দোলন করা হবে।’
আজ উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত শহর বনগাঁয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ায় তৃণমূল কংগ্রেস। বনগাঁ যশোর রোডে বাটারমোড় এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকরা মিছিল করে বিজেপি’র বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ বিক্ষোভ দেখান এবং পরে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়।
বনগাঁ শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, 'শান্ত বাংলাকে অশান্ত করে দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় শান্ত হওয়া পাহাড়ে নতুন করে উসকানি সৃষ্টির মাধ্যমে অশান্ত করার চেষ্টা করছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এসবের প্রতিবাদে ও দেশের সার্বিক উন্নয়নে চরম ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে।'
গত বৃহস্পতিবার দার্জিলিং সফরে গেলে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে নিগ্রহ করে সেখানকার ক্ষুব্ধ মানুষজন। দিলীপ বাবুদের সঙ্গী সাথীদের মারধর করাসহ 'দিলীপ ঘোষ গো ব্যাক' ধ্বনি দেন বিক্ষোভকারীরা।
মারমুখী জনতার হাত থেকে কোনোক্রমে পালিয়ে দার্জিলিং সদর থানায় আশ্রয় নেন দিলীপ বাবুরা। বিজেপি নেতা দিলীপ ঘোষের দাবি, তাদের নিগ্রহের পিছনে তৃণমূলের হাত আছে। তৃণমূল অবশ্য ওই দাবি নাকচ করে দিলীপ ঘোষ অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে পাহাড়ে গেছেন বলে মন্তব্য করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৭