নরেন্দ্র মোদি আরএসএস প্রচারকের মতো কথা বলছেন: সিপিআই(এম)
https://parstoday.ir/bn/news/india-i67414-নরেন্দ্র_মোদি_আরএসএস_প্রচারকের_মতো_কথা_বলছেন_সিপিআই(এম)
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএস প্রচারকের মতো কথা বলছেন বলে মন্তব্য করেছে সিপিএমের পলিটব্যুরো। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গতকাল (বুধবার) বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত তদন্ত করা উচিত। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১৭, ২০১৯ ১৩:০৭ Asia/Dhaka
  • সীতারাম ইয়েচুরি
    সীতারাম ইয়েচুরি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরএসএস প্রচারকের মতো কথা বলছেন বলে মন্তব্য করেছে সিপিএমের পলিটব্যুরো। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গতকাল (বুধবার) বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত তদন্ত করা উচিত। 

সবরীমালা মন্দিরে নারীদের প্রবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে কেরালার বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকারের পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘কেরালার এলডিএফ সরকার সবরীমালা নিয়ে অত্যন্ত লজ্জাজনক আচরণ করেছে। কমিউনিস্টরা দেশের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতাকে শ্রদ্ধা করে না।’ এরপরেই তার ওই মন্তব্যকে ‘অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়’ বলে দলটির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

সিপিএমের অভিযোগ, ‘সুপ্রিম কোর্টের রায় রূপায়ণ করায় প্রধানমন্ত্রী সেই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ আনছেন। এভাবে সরাসরি ভারতীয় সংবিধান ও সুপ্রিম কোর্টকে নিজের বক্তব্যের মাধ্যমে আক্রমণ করছেন। ভারতের ইতিহাসে এ ধরণের পরিস্থিতি নজিরবিহীন! যাঁরা সংবিধান ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের মূল্যবোধ মেনে চলেন, তাঁরা প্রত্যেকেই প্রধানমন্ত্রীর ওই অবস্থানের নিন্দা করবেন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘পশ্চাদমুখী শক্তি’র কাছ থেকে কেরালার সাংস্কৃতিক শিক্ষা নেয়ার কোনো প্রয়োজন নেই বলেও সিপিএমের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।

‘প্রধানমন্ত্রী কেবল কমিউনিস্টদের আক্রমণ করছেন না, দেশের সংবিধান, সংস্কৃতি ও বৈচিত্র্যের উপরে আঘাত হানছেন’ বলে সিপিআই অভিযোগ করেছে।

সবরীমালা আয়াপ্পা মন্দিরে দশ থেকে পঞ্চাশ বছর বয়সী ঋতুমতী নারীদের ঢোকার অনুমতি ছিল না। কিন্তু, গত সেপ্টেম্বরে দীর্ঘদিনের প্রথাকে বাতিল করে সুপ্রিম কোর্ট সববয়সী নারীরা সবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবে বলে রায় দেয়।

আদালতের রায়ের ভিত্তিতে ওই মন্দিরে আগ্রহী নারীরা বিভিন্ন সময়ে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে উগ্রহিন্দুত্ববাদীদের প্রবল বিক্ষোভ ও বাধার মুখে পড়তে হচ্ছে। রাজ্য সরকার আদালতের রায় মেনে বিক্ষোভকারীরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ায় বিজেপি এমনকি প্রধানমন্ত্রীর মুখ থেকে ‘কমিউনিস্টরা দেশের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতাকে শ্রদ্ধা করে না’ মন্তব্য আসায় সিপিএমের পক্ষ থেকে তার তীব্র সমালোচনাসহ আদালত অবমাননার অভিযোগ করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন