সৌদি যুবরাজকে আলিঙ্গন করে কংগ্রেসের কটাক্ষের মুখে নরেন্দ্র মোদি
-
সৌদি যুবরাজের সঙ্গে আলিঙ্গন করছেন নরেন্দ্র মোদি
ভারত সফররত সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে প্রথা ভেঙে বিমানবন্দরে উপস্থিত হয়ে আলিঙ্গন করে স্বাগত জানানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস।
আজ (বুধবার) কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষে বলা হয়েছে, পাকিস্তানের পরম বন্ধুকে কীভাবে আলিঙ্গন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কংগ্রেস বলেছে, পাকিস্তানের তথাকথিত সন্ত্রাস বিরোধী প্রচেষ্টার প্রশংসা করেন এমন একজন ব্যক্তিকে আলিঙ্গন করে পুলওয়ামার শহীদদের স্মরণে রাখার মোদির কী এটাই পদ্ধতি?
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালা প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেছেন, ‘জাতীয় স্বার্থ বনাম মোদিজীর আলিঙ্গনের কূটনীতি, প্রোটোকল ভেঙে উনি যাকে স্বাগত জানিয়েছেন, তিনি পাকিস্তানকে ২০ বিলিয়ন ডলার উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী প্রচেষ্টার প্রশংসা করেছেন।’
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তার প্রশ্ন, ‘এভাবেই কী আপনি পুলওয়ামার শহীদদের স্মরণ করছেন?
কাশ্মিরের পুলওয়ামায় সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ তুলেছে ভারত। কংগ্রেস আজ ওই ইস্যুতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছে।
সৌদি প্রিন্স দু’দিনের সফরে গতকাল (মঙ্গলবার) রাতে ভারত সফরে এলে প্রোটোকল ভেঙে তাঁকে স্বাগত জানাতে বিমান বন্দরে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানের সিঁড়ি বেঁয়ে ভারতের মাটিতে নামা মাত্রই তাঁকে আলিঙ্গন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
যৌথ বিবৃতিতে মোদি-সালমান যা বললেন
সৌদি প্রিন্সের মুহাম্মদ বিন সালমনের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতিতে আজ (বুধবার) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘যারা সন্ত্রাসবাদে মদদ জোগায়, সেই দেশগুলোর উপর আরও চাপ বাড়াতে এবং ওই পথ থেকে দেশগুলোকে সরিয়ে নিয়ে আসার জন্য সৌদি আরব রাজি।’
অন্যদিকে, সৌদি প্রিন্স বলেন, ‘উগ্রপন্থা ও সন্ত্রাসবাদ এখন সব দেশেরই সমস্যা। আমাদের বন্ধু ভারতকে আমরা জানাতে চাই যে, সন্ত্রাসবাদ দমনে সৌদি আরব সবরকমভাবে তাদের সাহায্য করতে প্রস্তুত। আগামী প্রজন্মকে সুন্দর ভবিষ্যৎ প্রদান করতে আমরা একসঙ্গে কাজ করব। সন্ত্রাসবাদের সমস্যা দূর করতে প্রয়োজনে গোয়েন্দা তথ্য আদানপ্রদানও করবে দুই দেশ।’
সৌদি প্রিন্সের সফরের মধ্যে ভারত ও সৌদি আরবের মধ্যে জাতীয় বিনিয়োগকারী তহবিলে বিনিয়োগ, পর্যটন, হাউজিং কর্পোরেশন ও সম্প্রচার ক্ষেত্রসহ পাঁচটি সমঝোতা হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/এআর/২০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন