বিজেপির নির্বাচনি ইশতেহার প্রকাশ: রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i69426-বিজেপির_নির্বাচনি_ইশতেহার_প্রকাশ_রাজনৈতিক_অঙ্গনে_প্রতিক্রিয়া
ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন বিজেপি ‘দৃঢ়কল্প ভারত, শক্তিশালী ভারত’- শিরোনামে তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে। আজ (সোমবার) ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সোমবার উপস্থিত ছিলেন পার্টি সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ সিনিয়র বিজেপি নেতারা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০৮, ২০১৯ ১৫:৫৪ Asia/Dhaka
  • ইশতেহার হাতে বিজেপি নেতারা
    ইশতেহার হাতে বিজেপি নেতারা

ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন বিজেপি ‘দৃঢ়কল্প ভারত, শক্তিশালী ভারত’- শিরোনামে তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে। আজ (সোমবার) ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সোমবার উপস্থিত ছিলেন পার্টি সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজসহ সিনিয়র বিজেপি নেতারা।

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিকে সামনে রেখে ৭৫টি প্রতিজ্ঞা স্থান পেয়েছে ‘সংকল্প পত্র’-তে। বিজেপির ইশতেহারে উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে বলা হয়েছে, সেনাবাহিনীকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করতে সরঞ্জাম কেনার ব্যাপারে  জোর দেয়া হবে। সন্ত্রাসবাদের প্রতি কঠোর মনোভাব নেয়া হবে। সশস্ত্র বাহিনীকে  নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হবে। বিজেপি ক্ষমতায় আসার পর অবিলম্বে রাম মন্দির নির্মাণ করা হবে। অনুপ্রবেশ রুখতে তথ্যপ্রযুক্তির ব্যবহার করা হবে। সংবিধানের ৩৭০ এবং ৩৫-এ ধারা তুলে দেয়া হবে ইত্যাদি।         

সরদার আমজাদ আলী

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের সাবেক এমপি, কংগ্রেসের সিনিয়র নেতা ও কোলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সরদার আমজাদ আলী বিজেপির ইশতেহারে অসাধুতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি আজ (সোমবার) রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন।

সরদার আমজাদ আলী বলেন, ‘বিজেপি অতীতে মানুষের কাজে যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিল, সেই প্রতিশ্রুতি যে সম্পূর্ণ মূল্যহীন এবং তার ওপরে তাদের কোনো সততা ছিল না। আজ ইশতেহারে সেই কথাগুলোর কোনো উল্লেখ না থাকায় বিজেপির যে অসাধুতা সেই অসাধুতাই প্রমাণ পায়। দ্বিতীয়ত, বিজেপির যে ধর্মনৈতিক আদর্শ, বিজেপির জাতীয়তাবাদের যে সংকীর্ণ ব্যাখ্যা তাঁর মধ্যদিয়ে আবার মানুষকে যাতে ধর্মের ভিত্তিতে প্রতারিত করা যায় বিশেষ করে ভারতে বিভিন্ন ধর্ম, সম্প্রদায়, ভাষা, সংস্কৃতি এই যে বৈচিত্রের মধ্যে ভারতের মানুষ তাদের প্রতারিত কীভাবে করা যায় সেই অঙ্গীকার নিয়ে তারা এসেছেন। অর্থাৎ যে সংস্কৃতি ভারতের মানুষের কাছে বিজেপি প্রতিষ্ঠিত করতে চায় তারই একটা নয়াসংস্করণ হিসেবে ভারতের মানুষকে তুলে ধরতে চাচ্ছে।’

সরদার আমজাদ আলী বলেন, ‘গণতান্ত্রিক বিশ্বাস, গণতান্ত্রিক মূল্যবোধ, বা গণতান্ত্রিক সংস্কৃতি এসব সম্পর্কে বিজেপির ন্যূনতম আস্থা বা বিশ্বাস নেই। তাদের রাজনৈতিক ইশতেহারের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাবে না। খুব দুর্ভাগ্যের কথা ভারতের ১২৫ কোটি মানুষ তারা এরআগে এদেশে একটা সরকারকে ক্ষমতায় এনেছিল। তাদের যে প্রতিশ্রুতি ছিল তা পালন করার কতদূর কী আছে তা বোঝার অবকাশ পাবে না। সুতরাং এরকম একটা অবস্থায় বিজেপির যে ইশতেহার তা মানুষের সঙ্গে প্রতারণা করার একটা অনবদ্য দলিল ছাড়া আর কিছু নয়। ভারতবাসীর এজন্য সাবধান হতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে এধরণের প্রবঞ্চক একটা রাজনৈতিক দল আগামীদিনে ভারতে ক্ষমতায় এলে দেশের ১২৫ কোটি মানুষের ভাগ্যে যে নিদারুণ অবস্থা আসতে পারে সে সম্পর্কে সজাগ ও সতর্ক হতে হবে এটাই বলা যায়।’ 

ডা. ফারুক আব্দুল্লাহ

এদিকে, কাশ্মিরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা তুলে দেয়া প্রসঙ্গে বিজেপির ইশতেহারে যে দাবি জানানো হয়েছে সে সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ডা. ফারুক আব্দুল্লাহ বলেন, দিল্লি কি মনে করছে ওরা ৩৭০ ধারা তুলে দেবে আর আমরা চুপ করে বসে থাকব? ভুল ভাবছে। আমরা অবশ্যই এর বিরোধিতা করব।’ ওদের এটা করতে দিন। তাঁরাও আজাদির জন্য সরব হবেন বলে ডা. ফারুক আব্দুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।#   

পার্সটুডে/এমএএইচ/এআর/৮