শুধু কাশ্মির কেন টার্গেট: ড. ইমানুল হকের প্রশ্ন
-
ড. ইমানুল হক
ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার সাম্প্রদায়িক কারণে কাশ্মিরকে টার্গেট করছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট সমাজকর্মী, ‘ভাষা ও চেতনা সমিতি’র সম্পাদক ড. ইমানুল হক। জম্মু-কাশ্মিরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা বাতিলের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
কোলকাতার প্রেসিডেন্সী কলেজের সাবেক অধ্যাপক ড. ইমানুল হক রেডিও তেহরানকে বলেন, ‘কাশ্মির শুধু নয়, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, সিকিমসহ দেশের ১১টি রাজ্যে বাইরের কেউ জমি কিনতে পারেন না। কিন্তু শুধু কাশ্মিরকে টার্গেট কেন? পশ্চিমবঙ্গসহ গোটা দেশেই আদিবাসীদের জমি কেনা যায় না। কাশ্মিরে যেতে আলাদা পারমিট নিতে হয় না। কিন্তু অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডে যেতে আলাদা পারমিট নিতে হয়। সে নিয়ে কোনো কথা নেই। কাশ্মিরকে সাম্প্রদায়িক কারণে টার্গেট করা হচ্ছে।’
তিনি বলেন, ‘দেশে আর্থিক মন্দা চলছে। ছয় লাখ আশি হাজার কারখানা বন্ধ। গাড়ি বিক্রির ডিলার সংস্থায় দুই লাখ কর্মী ছাঁটাই। আগামীতে আরও দশ লাখ ছাঁটাই হবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে। ওষুধ সংস্থা সান ফার্মার দুটি কারখানা ৩ আগস্ট বন্ধ হল। কাফে কফি ডে’র মালিক কর্ণাটকের শিল্পপতি সিদ্ধার্থ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। জিনিসের দাম নাগালছাড়া। উত্তর প্রদেশের উন্নাওয়ে ধর্ষণ করে তরণীকে মেরে ফেলার চেষ্টা হয়েছে। ওই ঘটনায় বিজেপির বিধায়ক অভিযুক্ত। গাড়ি দুর্ঘটনায় নিহত ধর্ষিতার দুই আত্মীয়া। ত্রিপুরায় ৯৭ শতাংশ পঞ্চায়েত আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বিভিন্ন ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ চরমে উঠেছে। এসব বিষয়ে দৃষ্টি ঘোরাতে হিন্দু-মুসলিম, কাশ্মির-পাকিস্তান বিবাদ সৃষ্টি করা হয়েছে।’ অস্ত্র জয়ী হয় না, জয়ী হয় মানুষের গণতান্ত্রিক অধিকার বলেও ড. ইমানুল হক মন্তব্য করেন। #
পার্সটুডে/এমএএইচ/এআর/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।