রাফায়েল ক্রয়ে দুর্নীতি: রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ, রাহুলকে সতর্ক
-
রাফায়েল যুদ্ধবিমান
ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ে দুর্নীতির অভিযোগে রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে প্রধান বিরোধীদল কংগ্রেস নেতা ও দলটির সাবেক সভাপতি রাহুল গান্ধীকে সতর্ক করেছে আদালত।
আজ (বৃহস্পতিবার) সুপ্রিম কোর্টের ওই অবস্থানে বিরোধীরা কিছুটা ব্যাকফুটে চলে গেল বলে বিশ্লেষকরা মনে করছেন। কারণ, কংগ্রেসের নেতারা রাফায়েল ক্রয়ে বড়সড় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন।
এদিকে, আজ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এক সংবাদ সম্মেলনে বলেন, কংগ্রেস দেশকে বিভ্রান্ত করেছে, এক্ষেত্রে তাদের উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া। তিনি বলেন, সুপ্রিম কোর্টকে এড়িয়ে যাওয়ার জন্য রাহুল গান্ধী ক্ষমা চেয়েছেন কিন্তু তিনি দেশের মানুষের সামনে কী করবেন? কবে তাদের কাছে ক্ষমা চাইবেন?
২০১৮ সালের ১৪ ডিসেম্বর রাফায়েল মামলায় ‘ক্লিনচিট’ দেওয়া হয় ভারতের কেন্দ্রীয় সরকারকে। সুপ্রিম কোর্ট সে সময় জানায় রাফায়েল যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের চুক্তি প্রক্রিয়ায় আদালত সন্তুষ্ট। ওই চুক্তিতে কোনওরকম হস্তক্ষেপ করা হবে না বলে আদালত জানিয়েছিল।
কিন্তু, ওই রায় পুর্নর্বিবেচনার আবেদন জানিয়ে একগুচ্ছ রিভিউ পিটিশন জমা পড়ে সুপ্রিম কোর্টে। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা, অরুণ শৌরি, আইনজীবী প্রশান্ত ভূষণ ও ‘আম আদমি পার্টি’র নেতা সঞ্জয় সিং এ নিয়ে আদালতে আবেদন জানান।
পুনর্বিবেচনার আবেদনে দাবি করা হয়, কিছু তথ্য আদালতের থেকে গোপন করা হয়েছে। সরকারের পালটা যুক্তি ছিল, ওই তথ্যগুলোকে আদালত মান্যতা দিতে পারে না। কারণ সেগুলো নিয়ম ভেঙে প্রকাশ্যে আনা হয়েছে। এবং অবৈধভাবে ফটোকপি করা হয়েছে।
আদালতের রায় পুনর্বিবেচনার দাবির বিরোধিতা করে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল তাঁর সাফাইতে বলেন, এটি জাতীয় সুরক্ষার প্রশ্ন। বিশ্বের অন্য কোনও আদালত এ জাতীয় যুক্তি নিয়ে প্রতিরক্ষা চুক্তি তদন্ত করবে না।
আজ সুপ্রিম কোর্টের তিন সদস্যের বিচারপতি সমন্বিত বেঞ্চ জানায়, আমরা মনে করি না রাফায়েল চুক্তি মামলায় কোনও এফআইআর দায়ের করা বা বিস্তারিত তদন্ত চালানোর প্রয়োজন আছে। রায় পুনর্বিবেচনার আবেদনে ‘যথার্থতার অভাব' রয়েছে বলেও মন্তব্য করা হয়।
লোকসভা নির্বাচনের প্রচারে কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফ্রান্স থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধবিমান ক্রয়ে ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছিল।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে ‘চৌকিদার চোর হ্যায়’ বলে সোগ্লান তুলেছিলেন। এরআগে রাফায়েল মামলার রায় বেরোনোর পরে রাহুল গান্ধী বলেছিলেন, ‘চৌকিদার চোর এটা আজ আদালতও মেনে নিল।’
তাঁর ওই মন্তব্যের প্রেক্ষিতে মানহানির সুপ্রিম কোর্টে মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। আদালত আজ ওই মামলা খারিজ করে দিলেও আদালত জানায়, মিস্টার রাহুল গান্ধী ভবিষ্যতে মন্তব্য করার বিষয়ে আপনাকে আরও সর্তক থাকতে হবে।
রাহুল গান্ধী এরআগে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক ও জটিলতা সৃষ্টি হলে আদালতে হলফনামা দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।