মোদী-রাহুল-মমতার শোক
বিমান দুর্ঘটনা: ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার নিহত
-
অজিত পাওয়ার
ভারতের মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পাওয়ার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চার্টার্ড বিমানটি আজ (বুধবার) সকাল আটটায় মহারাষ্ট্রের মুম্বাই থেকে বরামতির উদ্দেশে রওনা দেয়। সকাল পৌনে ৯টার দিকে মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। অবতরণের ঠিক আগেই পাইলটের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে দুর্ঘটনাটি ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপির প্রধান অজিত পাওয়ার ছাড়াও এ ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন। তাঁরা হলেন পাইলট, ফার্স্ট অফিসার, অজিত পাওয়ারের ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা এবং তাঁর এক সহকারী।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, মহারাষ্ট্রের বরামতি বিমানবন্দরে জরুরি অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে এএনআই বলছে, জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অজিত পাওয়ার দলের পক্ষে জনসভায় অংশ নিতে বরামতি যাচ্ছিলেন। আজ তাঁর সেখানে চারটি জনসভায় অংশ নেওয়ার কথা ছিল।
অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'অজিত পাওয়ারজি ছিলেন জনগণের নেতা, যিনি সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। তিনি মহারাষ্ট্রের মানুষের সেবায় নিবেদিত এবং পরিশ্রমী নেতৃত্ব হিসেবে সর্বত্র সম্মানিত ছিলেন। প্রশাসনিক বিষয়গুলোতে তার দক্ষতা এবং দরিদ্র ও প্রান্তিক মানুষদের ক্ষমতায়নের প্রতি তার আগ্রহও বিশেষভাবে প্রশংসনীয়। তাঁর আকস্মিক মৃত্যু খুবই দুঃখজনক এবং হৃদয়বিদারক। তাঁর পরিবার এবং অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি সমবেদনা। ওম শান্তি।'
৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ভারতের প্রবীণ রাজনীতিবিদ ও এনসিপির প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাইপো এবং লোকসভা সদস্য সুপ্রিয়া সুলের চাচাতো ভাই।
২০২৩ সালে অজিতের নেতৃত্বে এনসিপিতে ভাঙন ধরে, তিনি শারদ পাওয়ারের বিরুদ্ধে অবস্থান নেন। পরে এনসিপির একটি অংশ তাঁর নেতৃত্বে এবং আরেকটি অংশ শরদের নেতৃত্বে পরিচালিত হচ্ছিল। অজিত বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের সঙ্গে জোট গড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হন।#
পার্সটুডে/এমএআর/২৮