‘যারা ব্রিটিশদের দালালি করেছিল তারাই দেশকে পরাধীন করার চেষ্টা করছে’
https://parstoday.ir/bn/news/india-i75303-যারা_ব্রিটিশদের_দালালি_করেছিল_তারাই_দেশকে_পরাধীন_করার_চেষ্টা_করছে’
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস কমিটির (গ্রামীণ) সভাপতি কাজী আব্দুর রহিম দিলু বলেছেন, ‘আজ দেশে সংবিধানের ওপরে আঘাত আসছে। ভারতের কেন্দ্রীয় সরকার বলছে কে কী খাবে, কে কী পরবে, কে কোন দেশে থাকবে, এভাবে ভারতে অস্থিরতা সৃষ্টি করেছে। ভারতকে আবার খণ্ড খণ্ড করতে চাচ্ছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করে তারাই আবার ভারতকে পরাধীন করার চেষ্টা করছে। সেজন্য আমাদের আবার স্বাধীনতা আন্দোলনের ডাক দিতে হবে।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ১৬, ২০১৯ ১৭:১০ Asia/Dhaka
  • কাজী আব্দুর রহিম দিলু
    কাজী আব্দুর রহিম দিলু

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস কমিটির (গ্রামীণ) সভাপতি কাজী আব্দুর রহিম দিলু বলেছেন, ‘আজ দেশে সংবিধানের ওপরে আঘাত আসছে। ভারতের কেন্দ্রীয় সরকার বলছে কে কী খাবে, কে কী পরবে, কে কোন দেশে থাকবে, এভাবে ভারতে অস্থিরতা সৃষ্টি করেছে। ভারতকে আবার খণ্ড খণ্ড করতে চাচ্ছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালালি করে তারাই আবার ভারতকে পরাধীন করার চেষ্টা করছে। সেজন্য আমাদের আবার স্বাধীনতা আন্দোলনের ডাক দিতে হবে।’

বনগাঁ টাউন কংগ্রেস আয়োজিত দলীয় অফিস চত্বরে আজ (শনিবার) বিকেলে এক সভায় বক্তব্য রাখার সময় কংগ্রেসের জেলা সভাপতি কাজী আব্দুর রহিম দিলু ওই মন্তব্য করেন।

বিজেপি ও প্রধানমন্ত্রীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আজকে এদেশের যে ‘স্বপ্নের সওদাগর’ স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি আজকে নোট বাতিল করে সমস্ত ব্যাঙ্কিং ব্যবস্থাকে অকেজো করে দিয়েছেন। রিজার্ভ ব্যাঙ্কের ভাঁড়ার শূন্য হয়ে গেছে! অনেক ব্যাঙ্ক বেসরকারি হাতে চলে যাচ্ছে। আজকে এমন দুরাবস্থা, এত দুরাবস্থা আগামীদিনে ভারতের বুকে আসছে যে সাধারণ মানুষের সমস্ত স্বপ্ন ভেঙে যাবে। ব্যাঙ্কে টাকা থাকলে মাসে এক লাখ টাকার বেশি তুলতে পারবেন না এমন আইন আসছে। আপনার পয়সা, আপনার কষ্টার্জিত অর্থ আপনার বিপদে কাজে লাগবে কিন্তু তা পাবেন না আপনি। আজকে আস্তে আস্তে এভাবে মানুষের হাত-পা বেধে দিচ্ছে।”

কাজী আব্দুর রহিম দিলু বলেন, “কেন্দ্রীয় সরকার মাত্র ১০/১৫ জন শিল্পপতিকে, আদানি-আম্বানিদের সমস্ত সুযোগ-সুবিধা তুলে দিচ্ছে। ব্যবসায়ীরা দুরাবস্থার মধ্যে আছেন, পণ্য ও পরিসেবা কর জিএসটি থেকে শুরু করে নানা সমস্যায় ভুগছেন তাঁরা।”

তিনি এদিন বিজেপির সমালোচনা করে বলেন, এই সরকার প্রত্যেকের ব্যাঙ্ক একাউন্টে পনের লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি, বছরে দু’কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি, নতুন কলকারখানা গড়ার প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

একইদিনে, বাগদা থানা এলাকার হেলেঞ্চাতে দলীয় এক সভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেসের (গ্রামীণ) সভাপতি কাজী আব্দুর রহিম দিলু। ওই সভায় জেলা কংগ্রেসের সহ-সভাপতি আনছার আলী মণ্ডল, বাগদা ব্লকের কংগ্রেস নেতা বীরেন মণ্ডল, রমেন বিশ্বাস, জেলা যুব কংগ্রেসের সভাপতি রবিউল ইসলাম মোল্লা, জেলার সাধারণ সম্পাদিকা ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে, বনগাঁর সভায় জেলা কংগ্রেসের (গ্রামীণ) সভাপতি কাজী আব্দুর রহিম দিলু’র পাশাপাশি বনগাঁ টাউন কংগ্রেসের সভাপতি মহিবুল সিদ্দিকি তুহিন, বনগাঁ উত্তর বিধানসভার যুব কংগ্রেস সভাপতি সুরজিৎ গাঙ্গুলি ও অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।