নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল বাংলা, অবরোধ, ভাঙচুর, আগুন
https://parstoday.ir/bn/news/india-i75927-নাগরিকত্ব_আইনের_বিরুদ্ধে_প্রতিবাদে_উত্তাল_বাংলা_অবরোধ_ভাঙচুর_আগুন
ভারতের বহুলালোচিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। গতকাল (শুক্রবার) রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা অবরোধ, ভাঙচুর চালায়। এসময় প্রতিবাদী জনতা কয়েকটি জায়গায় সড়ক ও রেল লাইনে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৯ ১১:৩২ Asia/Dhaka
  • নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল বাংলা, অবরোধ, ভাঙচুর, আগুন

ভারতের বহুলালোচিত নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। গতকাল (শুক্রবার) রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা অবরোধ, ভাঙচুর চালায়। এসময় প্রতিবাদী জনতা কয়েকটি জায়গায় সড়ক ও রেল লাইনে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে।

এদিন হাওড়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা জেলাসহ রাজ্যের বিভিন্ন বিভিন্ন জেলায় প্রতিবাদী জনতা বিক্ষোভে শামিল হন। জাতীয় সড়কসহ বিভিন্ন সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে ভাঙচুর করার পাশাপাশি রেল অবরোধও করে।

হাওড়া জেলার উলুবেড়িয়ায় করমণ্ডল এক্সপ্রেস ট্রেনে অবরোধকারীরা পাথর নিক্ষেপ করে। রেলের কেবিনে এবং উলুবেড়িয়া স্টেশনে ভাঙচুর চালায় প্রতিবাদী জনতা। এসময় রেল লাইনের উপরে টায়ার জড়ো করে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উত্তর ২৪ পরগনা জেলার কাজীপাড়া স্টেশনের কাছে একটি লোকাল ট্রেনে পাথর নিক্ষেপ করে জনতা। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা স্টেশনেও ভাঙচুর চালানো হয়। বেলডাঙা স্টেশনের প্ল্যাটফর্মের দোকানপাট ভেঙে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় স্টেশন মাস্টারের কার্যালয়ে। বিক্ষোভকারীরা রেললাইনে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

উলুবেড়িয়া স্টেশনের ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। রাত পর্যন্ত বহু স্টেশনে আপ কান্ডারি এক্সপ্রেস, ডাউন যশোবন্তপুরম এক্সপ্রেস ট্রেনসহ দূরপাল্লার অনেক ট্রেন দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়।এছাড়া লোকাল ট্রেন চলাচলও ব্যাহত হয়।

দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সঞ্জয় ঘোষ বলেন, ‘বিক্ষোভকারীরা উলুবেড়িয়া স্টেশনে ঢুকে অফিসের ৮টি কম্পিউটার, নগদ ৪ লাখ টাকা এবং সমস্ত ছাপা টিকিট লুট করে। করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের একটি নতুন রেক ভেঙে তছনছ করে দিয়েছে।’ 

এদিন রাজ্যের বিভিন্ন মসজিদ থেকে জুমা নামাজ শেষে মুসুল্লিরা বেরিয়ে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার টিপু সুলতান মসজিদের সামনে মুসলিমরা জমায়েত হয়ে মিছিল করেন। মেয়ো রোডে গান্ধী মূর্তির কাছে মিছিলকারী জনতা সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ সভা করেন। অন্যদিকে, কোলকাতার পার্ক সার্কাস, বেলগাছিয়া ইন্দ্র বিশ্বাস রোড, মেটিয়াবুরুজ কাচ্চি সড়কে অবরোধ হয়। অবরোধের ফলে পার্ক সার্কাসে আড়াই থেকে তিন ঘণ্টা যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে।

একইভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলার সরিষা, মগরাহাট, শিরাকোল, লালপুরে প্রতিবাদ মিছিল হয়। রাজারহাট-নিউটাউনে মিছিল ও সড়ক অবরোধ করে নাগরিকত্ব আইন বিরোধী বিভিন্ন সংগঠন।#  

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৪