মোদি-শাহ'র মর্জিতে নয়, ভারত পরিচালিত হবে সংবিধান দ্বারা: মাওলানা কালবে সাদিক
https://parstoday.ir/bn/news/india-i76935-মোদি_শাহ'র_মর্জিতে_নয়_ভারত_পরিচালিত_হবে_সংবিধান_দ্বারা_মাওলানা_কালবে_সাদিক
ভারতের প্রখ্যাত শিয়া আলেম ও অল ইন্ডিয়া মুসলিম ল’বোর্ডের সহ-সভাপতি মাওলানা ড. কালবে সাদিক বলেছেন, ভারত মোদি-শাহ'র ইচ্ছায় নয়, সংবিধান দ্বারা পরিচালিত হবে। উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌয়ের ঘণ্টাঘরে সংশোধিত নাগরিকত্ব আইনের (‘সিএএ’) বিরুদ্ধে চলমান আন্দোলনে অংশ নিতে গিয়ে গতকাল (শুক্রবার) মাওলানা ড. কালবে সাদিক ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ২৫, ২০২০ ১৩:৩৪ Asia/Dhaka
  • বক্তব্য রাখেন মাওলানা ড. কালবে সাদিক
    বক্তব্য রাখেন মাওলানা ড. কালবে সাদিক

ভারতের প্রখ্যাত শিয়া আলেম ও অল ইন্ডিয়া মুসলিম ল’বোর্ডের সহ-সভাপতি মাওলানা ড. কালবে সাদিক বলেছেন, ভারত মোদি-শাহ'র ইচ্ছায় নয়, সংবিধান দ্বারা পরিচালিত হবে। উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌয়ের ঘণ্টাঘরে সংশোধিত নাগরিকত্ব আইনের (‘সিএএ’) বিরুদ্ধে চলমান আন্দোলনে অংশ নিতে গিয়ে গতকাল (শুক্রবার) মাওলানা ড. কালবে সাদিক ওই মন্তব্য করেন।

মাওলানা কালবে সাদিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করে বলেন, ‘কোনও মোদি, কোনও শাহ আমাদের ভবিষ্যত তৈরি করতে পারে না। আমাদের দেশে আজ যা ঘটছে তা অত্যন্ত বেদনাদায়ক!’

তিনি সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’ ও জাতীয় নাগরিকপঞ্জি ‘এনআরসি’ কালো আইন বলে অভিহিত করে তা প্রত্যাহার করা উচিত বলে তিনি মন্তব্য করেন।  

মাওলানা কালবে সাদিক বলেন, ‘কাউকে কারও থেকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। দেশে বিদ্বেষ, নিপীড়ন ও নির্মমতার পরিবেশ তৈরি হয়েছে। আমি এখানে নারীদের সাহসের প্রশংসা করি। রাতের বেলা এখানে লাইট বন্ধ করা নিপীড়নের প্রমাণ। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা আমাদের অধিকার এবং শান্তিপূর্ণভাবে তা চালিয়ে যাওয়া উচিত।’  

তিনি বলেন, ‘জুলুম ও অত্যাচারের শাসন দীর্ঘস্থায়ী হতে পারে না। এখানে গণতন্ত্র, একনায়কতন্ত্র নয়।’ ৮০ বছর বয়সী মাওলানা কালবে সাদিক গত দু’বছর ধরে অসুস্থ। তিনি এদিন হুইল চেয়ারের সাহায্যে ঘণ্টাঘরে চলা মুসলিম নারীদের প্রতিবাদ আন্দোলনে শামিল হন।

এরআগে মাওলানা কালবে সাদিক সিএএ বিরোধী আন্দোলন প্রসঙ্গে সরকারের উদ্দেশ্যে বলেন, ‘মুসলিমদের মধ্যে এ নিয়ে বিভ্রান্তি ও ভয় রয়েছে। ‘সিএএ’ সম্পর্কে বিভ্রান্তি দূর করা সরকারের দায়িত্ব।’

এদিকে, লক্ষনৌয়ের ঘণ্টাঘরে চলা নারীদের প্রতিবাদ আন্দোলনের সমর্থনে গতকাল শুক্রবার মিছিল হলে ঘণ্টাঘর এলাকার সড়ক অবরুদ্ধ হয়ে যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে ট্রাফিক জ্যাম ও ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে মাওলানা কালবে সাদিকের ছেলেসহ ১০ ব্যক্তি ও অজ্ঞাত একশ’ জনের বিরুদ্ধে পুলিশ বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে।

অন্যদিকে, যেকোনো অপ্রিয় ঘটনা প্রতিরোধে আজ (শনিবার) ঘণ্টাঘরের আশেপাশে পুলিশের পাশপাশি ‘র‍্যাফ’ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে ‘সপা’ নেত্রী পূজা শুক্লাসহ বেশ কয়েকজন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।