কোলকাতায় সিএএ'র বিরুদ্ধে আন্দোলনরত মুসলিম নারীর মৃত্যুতে শোকের ছায়া
https://parstoday.ir/bn/news/india-i77137-কোলকাতায়_সিএএ'র_বিরুদ্ধে_আন্দোলনরত_মুসলিম_নারীর_মৃত্যুতে_শোকের_ছায়া
ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে সমীদা খাতুন (৫৭) নামে আন্দোলনরত এক মুসলিম নারীর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার পার্ক সার্কাসে ‘সিএএ’বিরোধী একটানা যে ধর্না-অবস্থান আন্দোলন চলছে সেখানে শামিল হয়েছিলেন সমীদা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১২:১১ Asia/Dhaka
  • কোলকাতায় সিএএ'র বিরুদ্ধে আন্দোলনরত মুসলিম নারীর মৃত্যুতে শোকের ছায়া

ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতায় সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে সমীদা খাতুন (৫৭) নামে আন্দোলনরত এক মুসলিম নারীর মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার পার্ক সার্কাসে ‘সিএএ’বিরোধী একটানা যে ধর্না-অবস্থান আন্দোলন চলছে সেখানে শামিল হয়েছিলেন সমীদা।

কোলকাতার এন্টালি থানা এলাকার বাসিন্দা সমীদা খাতুন গতকাল (শনিবার) দিবাগত মধ্যরাতে পার্ক সার্কাস ময়দানের আন্দোলন মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন। এসময় তাঁকে অন্য আন্দোলনকারীরা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

গত ৭ ডিসেম্বর থেকে এন্টালির বাসিন্দা সমীদা খাতুন পার্ক সার্কাসের ‘সিএএ’বিরোধী ধর্না-অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছিলেন। অন্য আন্দোলনকারীদের দাবি, সমীদা খাতুন উচ্চ রক্তচাপ ও সুগারের সমস্যায় ভুগছিলেন। বুকে যন্ত্রণা হয়ে অসুস্থ হয়ে পড়বার পরেই তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে মৃত সমীদা খাতুনের পরিবারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

সিএএ বিরোধী ধর্না-অবস্থান

‘সিএএ’ বিরোধী ধর্না-অবস্থান আন্দোলন শুরু হয়েছিল দিল্লির শাহীনবাগে। প্রায় দেড়মাস ধরে সেখানে মুসলিম নারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরপর থেকে কোলকাতা, পুণে, মুম্বই, এলাহাবাদ, লক্ষনৌ, দেওবনদসহ  বিভিন্ন স্থানে আন্দোলন শুরু হয়। কিন্তু এই প্রথম কোলকাতার পার্ক সার্কাস যাকে ‘কোলকাতার শাহীনবাগ’ নামে অভিহিত করা হচ্ছে সেই আন্দোলনস্থল থেকে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটল। গত প্রায় একমাস ধরে সেখানে মুসলিম নারীরা ধর্না-অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এরইমধ্যে সেখানে সংসদের নিম্নকক্ষ লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা পি চিদাম্বরম, সাবেক এমপি ও সিপিএমের পলিটব্যুরোর সদস্য মুহাম্মাদ সেলিম, মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের মানুষজন তাঁদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এসেছেন।

ধর্না-অবস্থানে অংশ নেয়া এক গৃহিণী বলেন, ‘এই আন্দোলনের সবচেয়ে বড় শক্তি হল, বিক্ষোভকারীরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নন। আমাদের একটাই পরিচিতি যে আমরা ‘ভারতীয়’ এবং আমরা নারী যারা কোনও শক্তিকে ভয় করে না।’

বিজেপি’র 'অনুপ্রবেশকারী তত্ত্ব' খারিজ করে দিয়ে ওই গৃহিণী আরও বলেন, ‘আমরা কয়েক প্রজন্ম ধরে পশ্চিমবঙ্গে বাস করে আসছি। আমরা প্রতিবেশী হিন্দুদের ধর্মীয় উৎসবেও যাই। কিন্তু আজ আচমকা আমাদের নিজেদেরকে ভারতীয় প্রমাণ করতে বলা হচ্ছে।’

এদিকে, পার্ক সার্কাসে আন্দোলনরত এক নারীর মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।