মুকুল রায় দিলিপের মতো পাগল হয়ে গেছেন: জ্যোতিপ্রিয় মল্লিক
-
জ্যোতিপ্রিয় মল্লিক
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা মুকুল রায়কে দিলিপের মতো বদ্ধপাগল বলে অভিহিত করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এ রাজ্যে ১৭০ টা আসনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকবে বলে দাবি করায় আজ (সোমবার) খাদ্যমন্ত্রী বিজেপি নেতা মুকুল রায় সম্পর্কে ওই মন্তব্য করেন। ‘সিএএ’-এর সমর্থনে মুকুল রায় বনগাঁয় সোমবার এক সভায় রাজ্যে বিজেপি’র নিশ্চিত সম্ভাবনার কথা বলেন।
এ সম্পর্কে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া ব্যক্ত করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘মুকুল রায়কে আগে রাজনীতিতে অভিজ্ঞ বলে জানতাম কিন্তু এখন উন্মাদের মত কথা বলছেন। দিলীপ যেমন বলছেন গুলি করে দেব মাথায়, বুকে, পেটে, পায়ের তলায়, মুকুলের এই কথাবার্তায় মনে হচ্ছে মুকুল পাগল হয়ে গিয়েছেন। মুকুল নিজেই বুঝতে পারবেন বিজেপি জোড়া সংখ্যায় পৌঁছবে না। বাংলায় বিজেপিকে এক-দুই-তিনের মধ্যে আটকে থাকতে হবে।’
সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বাবু বলেন, ‘বাংলার মানুষ সিএএ, এনপিআর, এনআরসি চাচ্ছে না। বাংলার মানুষ বলছে নতুন কোনও ফর্দ, নতুন কোনও কাগজ আমাদের পকেটে চাই না। আমরা যেভাবে ছিলাম সেইভাবেই আছি, সেইভাবেই থাকব।’
তিনি বলেন, ‘মুকুলের টিমের কিছু ফড়ে গতকাল হাবড়ার বাঘাডাঙা এলাকায় ‘সিএএ’ নিয়ে বোঝাতে গেলে তাঁদেরকে এলাকার মানুষজন পিটিয়ে বের করে দিয়েছে। তাঁরা বলেছেন, আমাদের নাগরিকত্ব বোঝাতে হবে না। আমরা নাগরিক ছিলাম, আছি এবং থাকব। আমাদের নতুন করে আর নাগরিকত্ব পাওয়ার কোনও জায়গা নেই।’
বাংলায় বিজেপির কোনও সম্ভাবনা নেই বলেও খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।