রাম মন্দির নির্মাণ ট্রাস্ট গঠনের ঘোষণা দিলেন মোদি
-
লোকসভায় নরেন্দ্র মোদি
ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত বাবরী মসজিদ-রাম মন্দির ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দির ট্রাস্ট গঠনের ঘোষণা দিয়েছেন। আজ (বুধবার) ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সংক্রান্ত ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ পালনে আমাদের সরকার বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে মন্ত্রীসভা শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র নামে একটি ট্রাস্ট স্থাপনের বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে। এই ট্রাস্ট নতুন করে রাম মন্দির নির্মাণ ও এই সম্পর্কিত সমস্ত বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে।’
প্রধানমন্ত্রী আরও জানান, গত নভেম্বরে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক আদেশের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাস্টি বোর্ডে ১৫ জন সদস্য থাকবেন। ইতোমধ্যেই উত্তরপ্রদেশ সরকার অযোধ্যাতে নতুন করে পাঁচ একর জমি ওয়াকফ বোর্ডের হাতে দেয়ার বিষয়ে একমত হয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান।
সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সমন্বিত সাংবিধানিক বেঞ্চ গত বছর ৯ নভেম্বর এক রায়ে রামমন্দির নির্মাণের জন্য ট্রাস্ট গঠন করতে কেন্দ্রীয় সরকারকে তিন মাস সময় দিয়েছিল। কিন্তু দিল্লি নির্বাচনের ঠিক তিন দিন আগে, আজ লোকসভায় সেই ট্রাস্ট গঠনের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন হবে। তার আগে প্রধানমন্ত্রীর ওই ঘোষণা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রধানমন্ত্রী আজ ‘শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র’ ট্রাস্ট গঠনের ঘোষণা দেয়ার পরেই সকলের উদ্দেশ্যে বলেন, ‘আসুন অযোধ্যায় রামমন্দির নির্মাণকে সমর্থন জানাই।’ প্রধানমন্ত্রীর ওই ঘোষণার সঙ্গে সঙ্গেই সরকার পক্ষের সাংসদরা সংসদে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেন।
বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর এই ঘোষণা নির্বাচনি বিধি লঙ্ঘন করেছে। কিন্তু দিল্লি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই অভিযোগ নাকচ করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওই ঘোষণার জন্য কোনও অনুমতির প্রয়োজন নেই। এবং এজন্য নির্বাচনি বিধি ভঙ্গ করছে না বলেও দিল্লি নির্বাচন কমিশন জানিয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৫