করোনাভাইরাসের অজুহাতে মুসলিমদের ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে: ওয়াইসি
-
ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি
ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, করোনাভাইরাসের অজুহাতে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে। করোনার জেরে দেশে চলমান সাম্প্রতিক লকডাউনের সমালোচনা এড়াতেই এ জাতীয় প্রচেষ্টা চালানো হচ্ছে। আজ (বুধবার) তাঁর এ সংক্রান্ত মন্তব্য গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমদের জড়িয়ে যেসব অপপ্রচার চলছে সে সম্পর্কে তিনি ওই মন্তব্য করেন।
ওয়াইসি বলেন, ‘অপরিকল্পিতভাবে লকডাউনের সমালোচনা এড়াতে এবং নতুনকরে কোভিড-১৯ এর সংক্রমণ মোকাবিলায় ব্যর্থ সরকার মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই এসব করছে। বিজেপি প্রচারকদের জানা উচিত যে, এভাবে হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ডের মাধ্যমে করোনা ভাইরাসকে হারানো সম্ভব নয়। মুসলিমদের বলির পাঁঠা বানালেই করোনাভাইরাসের ওষুধ মিলবে না আর তাছাড়া এটা করোনা সংক্রান্ত পর্যাপ্ত পরীক্ষার বিকল্পও হতে পারে না।’
অন্যদিকে, আজ এনডিটিভি’র ওয়েবসাইট সূত্রে প্রকাশ, দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই সম্প্রতি দিল্লির শাস্ত্রী নগরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যায় যে স্থানীয় বাসিন্দারা কলোনির কোনও মুসলিম ব্যক্তিকে ‘একঘরে’ করার কথা বলছেন।
এ সম্পর্কে ওয়াইসি বলেছেন, শাস্ত্রী নগরের বি ব্লকের বাসিন্দারা মুসলিমদের বের করে দিচ্ছেন কারণ তারা ‘মহামেডান’-এর বাইরে কিছু ভাবতে পারেন না। এটা দেখে কী মনে হচ্ছে যে আমরা বর্তমানে বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর মহামারীর মধ্যে আছি। নাকি এটা অন্য দিনগুলোর মতোই সাধারণ, যখন কোনও কারণ ছাড়াই মুসলিমদের হুমকি দেওয়া এবং তাঁদের একঘরে করে দেওয়ার কথা বলা হচ্ছে?#
পার্সটুডে/এমএএইচ/এআর/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।