ভারতে ৪৬ সিআরপিএফ সদস্যের দেহে করোনা, মৃত ১, কোয়ারেন্টাইনে গোটা ব্যাটেলিয়ান
ভারতে আধাসামরিক বাহিনী সিআরপিএফের ৪৬ জওয়ান করোনা আক্রান্ত হয়েছেন এবং মুহাম্মাদ ইকরাম হুসেইন (৫৫) নামে এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ব্যাটেলিয়ানের সব সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
সিআরপিএফ জওয়ানের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোক প্রকাশ করে বলেছেন, ‘করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা সিআরপিএফের সাহসী উপ-পরিদর্শক মুহাম্মাদ ইকরাম হুসেইনের মৃত্যুর কথা জানতে পেরে আমি গভীরভাবে দুঃখিত। তিনি শেষ অবধি করোনা মহামারীর সাথে বীরত্বের সাথে লড়াই করেছিলেন। দেশের সেবা ও অভ্যন্তরীণ সুরক্ষায় তাঁর অবদান আমাদের সকল দেশবাসীকে অনুপ্রাণিত করে। দেশের একজন সাহসী সৈনিক হারানো আমাদের সবার জন্য অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। শোকের এই মুহুর্তে গোটা দেশ ও কেন্দ্রীয় সরকার তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে আছে।’
গতকাল (মঙ্গলবার) দিল্লির ময়ূর বিহারে মোতায়েন সিআরপিএফের ৩১ ব্যাটালিয়নে করোনাভাইরাসের কারণে ওই জওয়ান মারা গেছেন। একই ব্যাটেলিয়নের ৪৫ জন জওয়ান করোনায় আক্রান্ত হওয়ায় এখন গোটা ব্যাটেলিয়নের জওয়ানদের কোয়ারেন্টাইনে পাঠিয়ে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা চলছে।
মঙ্গলবার সন্ধ্যায়, দিল্লিতে কর্মরত সিআরপিএফের ৫৫ বছর বয়সী সাব-ইন্সপেক্টর সফদরজং হাসপাতালে মারা যান। অসমের বাসিন্দা ওই উপ-পরিদর্শক ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগী ছিলেন।
ওই কর্মকর্তা যে ব্যাটেলিয়ানে ছিলেন, সেই ব্যাটেলিয়নটি এখন কোয়ারেন্টাইন করা হয়েছে। এই ব্যাটেলিয়ানে কমপক্ষে ৬০০ জওয়ান ও কর্মকর্তা রয়েছে বলে আজ (বুধবার) এনডি হিন্দি টিভি চ্যানেল সূত্রে জানা গেছে। মেডিকেল স্টাফ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে কাউকেই ক্যাম্প ছাড়ার অনুমতি নেই এবং কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
অন্যদিকে, ‘আজতক’ টিভি চ্যানেলের ওয়েবসাইটে প্রকাশ, সিআরপিএফের ৪৬ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়েছে এবং ২৫৭ টি পরীক্ষার ফল আসা বাকি। সংশ্লিষ্ট ব্যাটেলিয়ানের কমপক্ষে ১ হাজার ১০০ সদস্যকে কোয়ারেন্টাইন করা হয়েছে এবং গোটা ব্যাটেলিয়ান ‘সিল’ করা হয়েছে।
এদিকে, সিআরপিএফের আরও এক করোনা আক্রান্ত জওয়ান আহমেদাবাদে আছেন। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৬ সিআরপিএফ সদস্য করোনা মহামারীতে আক্রান্ত হয়েছেন। এক জওয়ানের মৃত্যুও হয়েছে। শুধু সিআরপিএফই নয়, দেশের কোনও প্যারামিলিটারি ফোর্সে এই প্রথম এক জওয়ান করোনার কারণে মারা গেলেন এবং পুরো ব্যাটেলিয়ানটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কোয়ারেন্টাইনড করা হল।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।