বিশ্বে করোনায় মৃত্যুর হার সবচেয়ে কম ভারতে: দাবি স্বাস্থ্যমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/india-i79572-বিশ্বে_করোনায়_মৃত্যুর_হার_সবচেয়ে_কম_ভারতে_দাবি_স্বাস্থ্যমন্ত্রীর
বিশ্বের মধ্যে ভারতে করোনাভাইরাসে মৃত্যুর হার সবচেয়ে কম বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি আজ (রোববার) এ মন্তব্য করেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মে ০৩, ২০২০ ১৪:০৮ Asia/Dhaka
  • স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন
    স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন

বিশ্বের মধ্যে ভারতে করোনাভাইরাসে মৃত্যুর হার সবচেয়ে কম বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি আজ (রোববার) এ মন্তব্য করেন।

করোনা মোকাবিলায় একনাগাড়ে প্রায় ৬ সপ্তাহের লকডাউনের মধ্যেও ভারতে দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি নয়া আক্রান্ত ও মৃতের সংখ্যা বৃদ্ধিতেও দৈনিক কার্যত নজির সৃষ্টি হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আজ দিল্লির লেডি হার্ডিঞ্জ হাসপাতাল পরিদর্শন করেন এবং করোনা মোকাবিলায় সেখানকার প্রস্তুতি খতিয়ে দেখে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন।

ভারতে আজও নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৪৪ জন। ২৪ ঘণ্টায় এতসংখ্যক মানুষের কোভিড-পজিটিভ হওয়ার নজির নেই দেশে। একইভাবে নতুন মৃত্যুর সংখ্যাতেও রেকর্ড সৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৩ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৯৮০। এ পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩০১ জন। সুস্থ হয়েছেন, ১০ হাজার ৬৩৩ জন। আজ (রোববার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

করোনা আক্রান্ত ও মৃতের ঘটনায় ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, মধ্য প্রদেশ প্রভৃতি রাজ্য এগিয়ে রয়েছে।

মহারাষ্ট্রে এ পর্যন্ত ১২ হাজার ২৯৬ জন আক্রান্ত, মৃত ৫২১। গুজরাটে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৪, মৃত ২৬২। দিল্লিতে ৪ হাজার ১২২ জন আক্রান্ত, মারা গেছেন ৬৪ জন। মধ্য প্রদেশে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৪৬, মৃত ১৫১। পশ্চিমবঙ্গে আক্রান্ত ৯২২, মৃত ৩৩। জম্মু-কাশ্মীরে ৬৬৬ জন আক্রান্ত হয়েছেন। এখানে মৃতের সংখ্যা ৮। এসব ছাড়াও অন্যান্য রাজ্যে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।