করোনাভাইরাস: ভারতে একদিনে সর্বোচ্চ ৩৯০০ জন আক্রান্ত, মৃত ১৯৫
ভারতে করোনাভাইরাসে একদিনে ৩ হাজার ৯০০ জন আক্রান্ত ও ১৯৫ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৫৬৮ জন। আর আক্রান্ত হয়েছেন মোট ৪৬ হাজার ৪৩৩ জন। এরমধ্যে ১২ হাজার ৭২৭ জন সুস্থ হয়েছেন। আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
ভারতে বিভিন্ন রাজ্যের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লির। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৪১। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২ হাজার ২৪৫ জন আক্রান্ত হয়েছে। দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় এখনও পর্যন্ত মহারাষ্ট্র শীর্ষে রয়েছে। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ওই রাজ্যেই। রাজ্যটিতে এ পর্যন্ত ৫৮৩ জন মারা গিয়েছেন। সুস্থ হয়েছেন ২ হাজার ৪৬৫ জন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে এ পর্যন্ত ৫ হাজার ৮০৪ জন আক্রান্ত এবং ৩১৯ জন মারা গেছেন।
রাজধানী দিল্লিতে ৪ হাজার ৮৯৮ জন আক্রান্ত এবং ৬৪ জনের মৃত্যু হয়েছে।
পশ্চিমবঙ্গে ১ হাজার ২৫৯ জন আক্রান্ত এবং ১৩৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ২৯৬ জন আক্রান্ত হয়েছেন।
ভারতে করোনাভাইরাস ক্রমশ গতি বৃদ্ধি করায় চলতি মে মাসের প্রথম ৪ দিনেই কমপক্ষে ৫০০ জনের মৃত্যু হয়েছে। মাত্র ৫ দিনের মধ্যেই ১৩ হাজার ১০৬ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।